নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কয়েক ইঞ্চি পুরু বরফের চাদরে ঢাকল সান্দাকফু। শুক্রবার বিকেল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আকাশ ছিল মেঘলা। ভোররাতে শিলিগুড়ি সহ পাহাড়ের একাধিক জায়গায় শুরু হয় বৃষ্টিপাত। সেইসঙ্গে দার্জিলিংয়ের সান্দাকফুতে রাত থেকে শুরু হয়েছে তুষারপাত। তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। এদিন সকালের দিকে দেখা যায়, সমস্ত সান্দাকফুই সাদা বরফের চাদরে মোড়া। এই দৃশ্য দেখে পর্যটকরা অত্যন্ত খুশি। এদিকে, সিকিমের সাঙ্গু সহ পাহাড়ের উঁচু অংশে তুষারপাতের পাশাপাশি বরফ পড়েছে। এর জেরে কিছু পর্যটক সেখানে আটকে পড়েছেন বলে একটি সূত্রে জানা গিয়েছে।
এদিকে পাহাড়ে যখন তুষারপাত হচ্ছে তখন সমতলে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়। শিলিগুড়িতে সকালের দিকে বৃষ্টি হয়। এতে তাপমাত্রা একলাফে অনেকটাই কমেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের দাবি, পাহাড়ে আগামী সোমবার পর্যন্ত হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হবে। সিকিম আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞ গোপীনাথ রাহা বলেন, পাহাড়ে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল। সেইমতো বৃষ্টির পাশাপাশি বরফ পড়েছে। তবে মঙ্গলবার থেকে অবস্থা স্বাভাবিক হয়ে যাবে।
সান্দাকফুতে তুষারপাতে স্বাভাবিকভাবেই পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে। বছরভর সেখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। তুষারপাতের দৃশ্য চাক্ষুষ করার সুযোগ সকলের হয় না। তুষারপাতের দৃশ্য দেখার জন্য অনেকেই হোটেল থেকে বের হয়ে আনন্দ করছেন। মার্চের শেষের দিকেও এমন আবহাওয়া মেলায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। শিলিগুড়ির পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল ও রাকেশ পোদ্দার বলেন, পাহাড়ে তুষারপাতের ফলে পর্যটকদের ভিড় বাড়বে। তবে নিজেদের সুরক্ষা ব্যবস্থা ঠিক দেখে নিয়েই আমরা পর্যটকদের সান্দাকফুতে যাওয়ার পরামর্শ দেব। বরফে ঢেকেছে সান্দাকফু। - নিজস্ব চিত্র।



