নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বালি সিন্ডিকেট নিয়ে এক তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে ওই সাংসদের একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করেন তিনি। আরও তাৎপর্যপূর্ণ হল, এই অডিয়ো ক্লিপ নিয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে অভিযোগ জানিয়েছেন ঋতব্রত। বিষয়টি লোকসভার স্পিকার, ইডি, সিবিআইকেও জানাতে চলেছেন তিনি।
যদিও এই অডিয়ো ক্লিপ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ওই তৃণমূল সাংসদ। এদিন ঋতব্রত যে অডিয়ো ক্লিপ সামনে এনেছেন, তাতে ২ মিনিট ৪৮ সেকেন্ডের কথোপকথনে বলতে শোনা গিয়েছে বালি সিন্ডিকেটের কথা। বালির গাড়ি কোন পথে ও কীভাবে যাবে, তা নিয়ে আলোচনা হয়েছে। পুলিশকে বলার বিষয়টিও ওই অডিয়ো ক্লিপে ধরা পড়েছে। এই অডিয়ো ক্লিপটির সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। ঋতব্রত বলেছেন, এই অডিয়ো ক্লিপটিতে কণ্ঠস্বর কার, তার সত্যতা যাচাই করতে পারে ফরেন্সিক বিভাগ। তাই ভবানীভবনে গিয়েছিলাম। অভিযোগ জানিয়ে এসেছি। সম্ভবত ওই অডিয়ো ক্লিপে কণ্ঠস্বর একজন সাংসদের হতে পারে। কথোপকথন বালি মাফিয়ার সঙ্গে। বোধহয় পরিচিত সাংসদের কণ্ঠস্বর। বর্ধমান এলাকায় তাঁর কণ্ঠস্বর আগে শোনা গিয়েছে। এখন গোটা বিষয়টি তদন্তসাপেক্ষ।
প্রসঙ্গত, ঋতব্রত যে-অডিয়ো ক্লিপ সামনে এনেছেন, তাতে প্রাক্তন ক্রিকেটারের প্রসঙ্গ উল্লেখ করেছেন। রাজনৈতিক মহল মনে করছে, ঋতব্রতর অভিযোগের তির বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদের দিকে। কীর্তি দাবি করেন, আমার পরিচিত কয়েকজন ওই অডিয়ো ক্লিপটি আমার কাছে পাঠিয়েছেন। ঋতব্রতরা এআই প্রযুক্তি ব্যবহার করে এই অডিয়ো ক্লিপ তৈরি করে থাকতে পারে। পুরোটাই বানানো। আমি আইনি পদক্ষেপ করব।