খড়্গপুরে বালি বোঝাই ডাম্পারের চালককে নৃশংস খুন, তদন্তে পুলিশ
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: কাকভোরে গাড়ি থেকে চা খেতে নেমে উধাও হয়ে যান! বারবার ফোন করেও সাড়া মেলেনি। মঙ্গলবার দুপুরে বালি বোঝাই ডাম্পার চালকের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় খড়্গপুরের জঙ্গল থেকে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর গ্রামীণ থানার কলাইকুন্ডা সংলগ্ন ভালুকমাচা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির বৃহস্পতি রুইদাস (৪০)। তাঁর বাড়ি পুরুলিয়া জেলায়। স্থানীয় বাসিন্দা ও গাড়ির মালিকের অভিযোগ, বৃহস্পতিবাবুকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তদন্তে নেমে ওই ডাম্পারের খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি খুনের কিনারা করতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গেই নামানো হয়েছে স্নিফার ডগ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার লালগড় থেকে বালি বোঝাই করে ডাম্পারটি কলকাতার দিকে যাচ্ছিল। ভোরের দিকে জাতীয় সড়কের উপর ভালুকমাচায় গাড়িটি থামে। সেখানে চালক চা খেতে নামেন বলে জানা যায়। তারপর আর ফিরে আসেননি তিনি। গাড়ির খালাসি এবং মালিক বারবার ফোন করলেও উত্তর মেলেনি। এদিন সকালে ভালুকমাচা এলাকায় পৌঁছন গাড়ির মালিক। তিনিই খড়্গপুর গ্রামীণ থানার অধীন কলাইকুন্ডা ফাঁড়িতে খবর দেন। পুলিশ গিয়ে জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে ভালুকমাচার জঙ্গল থেকে নিখোঁজ চালকের রক্তাক্ত দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। স্থানীয়দের দাবি, মৃত চালকের গলায় এবং শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল। এরপরই খালাসিকে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। খুনের কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, এই খুনের পিছনে অবৈধ বালি-চক্রের যোগ থাকতে পারে। তবে, ব্যক্তিগত আক্রোশ বা অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক। তিনি এও বলেন, ঘটনাস্থলে স্নিফার ডগ নামিয়ে রহস্য উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজও।