সংবাদদাতা, কাকদ্বীপ: কিছুতেই কমানো যাচ্ছে না বালি মাফিয়াদের দৌরাত্ম্য। অভিযোগ, আগের থেকে আরও বেড়ে গিয়েছে তাদের দাপট। প্রকাশ্য দিবালোকে মুড়িগঙ্গা নদীর চর থেকে সাদা বালি কেটে রমরমা কারবার চলছে। অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় বুক ফুলিয়ে ঘুরছে দুষ্কৃতীরা। সাংবাদিকরা খবর করতে গেলে তাঁদের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বলে অভিযোগ। জানা গিয়েছে, ভাটার সময় মুড়িগঙ্গা নদীর চর জেগে ওঠে। বিশেষ করে কোটালের সময় নদীর মাঝখানে বিশাল অংশ জুড়ে চর দেখা যায়। তাই পঞ্জিকা দেখে গণ ধরে বহু নৌকা নদীর মাঝখানের চর থেকে সাদা বালি কেটে নিয়ে আসে। পরে এই বালি বাজারে চড়া দামে বিক্রি করা হয়। সোমবার সকালেও কাকদ্বীপের লট নম্বর আটের একটি জায়গায় নৌকা থেকে সাদা বালি তুলতে দেখা যায়। পরে এই ঘটনা জানাজানি হলে, হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য সৌম্যকান্তি জানা বলেন, ‘নদীর চর থেকে বালি কেটে নেওয়া হলে পরিবেশের দিক থেকে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। নদীর গভীরতার পার্থক্য তৈরি হয়। যে কারণে ঢেউয়ের ধাক্কায় নদীবাঁধের ক্ষতি হয়। শুধু তাই নয়, বাস্তুতন্ত্রের উপর প্রভাব পড়ে। প্রাকৃতিক প্রক্রিয়াতে ওই এলাকায় আর ম্যানগ্রোভ জন্মাতে পারে না। তাই বিষয়টিতে প্রশাসনের নজর দেওয়া উচিত।’ মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। যদি এমন কাজ হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’ নিজস্ব চিত্র



