সংবাদদাতা, বজবজ: নোদাখালি থানা জুড়ে বেআইনি বালি তোলা বন্ধ করে দিয়েছে পুলিশ ও প্রশাসন। তার ফলে এবার নদীবাঁধে কোনো ক্ষতি হয়নি এখনও। এমন দাবি করেছেন পুলিস ও প্রশাসনের কর্তারা। ডায়মন্ডহারবার পুলিশ জেলার এক অফিসার বলেন, পালাবদলের আগে নোদাখালি জুড়ে নদী থেকে বেআইনি বালি তোলা হচ্ছিল। প্রায় পাঁচশো মানুষ এই পেশায় যুক্ত ছিলেন। কিন্তু নতুন সরকার আসার পর সেচদপ্তর সমীক্ষা করে দেখেছে, প্রতিদিন নদী থেকে এই বালি তোলার জন্য বাঁধের অবস্হা খারাপ হয়। বিশেষ করে একের পর এক বালি ভরতি নৌকা যখন বাঁধের গায়ে এসে দাঁড়ায়, সেই সময় জোর ধাক্কা লাগে। তাতে ধীরে ধীরে বাঁধ দুর্বল হয়ে যায়। এখান থেকেই শুরু হয় ফাঁটল। এর আগে এই কারণেই নোদাখালির বিভিন্ন অংশে র নদীবাঁধের ভাঙন হয়েছে।



