সেঁওয়াতি থেকে কোটশিলা পর্যন্ত অভয়ারণ্যের উদ্যোগ
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঝালদা: পাহাড়, জঙ্গল ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ পুরুলিয়ায় নতুন পালক যুক্ত হওয়ার সম্ভাবনা। ঝালদার সেঁওয়াতি পাহাড় থেকে কোটশিলা পর্যন্ত বিস্তীর্ণ বনাঞ্চল নিয়ে অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছে। বুধবার প্রস্তাবিত অভয়ারণ্য এলাকা পরিদর্শন করে এমনই আশ্বাস দিলেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও। তাঁর দাবি, রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হলে দ্রুত অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে। আগামী দু-তিন মাসের মধ্যে এবিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের আশা তিনি করছেন। অভয়ারণ্য গড়ে উঠলে এলাকার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পর্যটনেরও নতুন দিগন্ত খুলবে বলে মনে করছেন পরিবেশপ্রেমীরা।

Advertisement

রাজ্যের অরণ্য ভবন সূত্রের খবর, কোটশিলা ও ঝালদা-এই দুই বনাঞ্চলের সিমনি, নওয়াহাতু ও কলমা বিটের মোট ২১টি মৌজার প্রায় ৩৬০৯.৪ হেক্টর বনভূমি নিয়ে অভয়ারণ্য গড়ে তোলার প্রস্তাব তৈরি হয়েছে। ইতিমধ্যেই পুরুলিয়া বন বিভাগের তরফে সেই প্রস্তাব রাজ্যের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার ঝালদার ঝাড়খণ্ড সীমানা লাগোয়া কলমা বিটের সেঁওয়াতি পাহাড় এলাকা ঘুরে দেখেন বনমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন বনদপ্তরের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, পূর্তদপ্তর এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি, রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব মণীশ জৈন, প্রধান মুখ্য বনপাল সন্দীপ সুন্দ্রিয়াল, প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) রাজেশ কুমার, জেলাশাসক সুধীর কোন্থাম, ডিএফও অঞ্জন গুহ, বাঘমুণ্ডি, জয়পুর, বলরামপুর ও মানবাজারের বিধায়ক এবং বনদপ্তরের আধিকারিকরা।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই বনাঞ্চলে চিতাবাঘ, শ্লথ ভালুক, হাতি, হরিণ এবং বিরল প্রজাতির হানি ব্যাজারের উপস্থিতি রয়েছে। ট্র্যাপ ক্যামেরাতেও ইতিমধ্যে একাধিক বন্যপ্রাণীর ছবি ধরা পড়েছে। অতীতে ওড়িশা থেকে আসা বাঘিনি জিনাত এবং ঝাড়খণ্ডের চাণ্ডিল ও তুলিন সীমান্ত দিয়ে বাঘের যাতায়াতের ঘটনাও এই অঞ্চলের গুরুত্ব বাড়িয়েছে। পাশাপাশি এলাকায় প্রায় ৭৫ প্রজাতির বনজ ঔষধি উদ্ভিদের সন্ধান মিলেছে।
এদিন বনমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই বিভিন্ন বনাঞ্চল পরিদর্শন করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও বিধায়কদের কাছ থেকেও প্রস্তাব চাওয়া হয়েছিল। কোটশিলা ও ঝালদার বনাঞ্চলের পরিস্থিতি যথেষ্ট আশাব্যঞ্জক। জীববৈচিত্র্যও প্রচুর। জেলা থেকে প্রস্তাব এলেই তা ক্যাবিনেটে পাঠানো হবে। দু’-তিন মাসের মধ্যে অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। পাশাপাশি বনদপ্তরের জমি কেউ দখল বা ক্ষতি করার চেষ্টা করলে কড়া পদক্ষেপ করা হবে। -নিজস্ব চিত্র