নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরপ্রদেশের আসন রফা নিয়ে সোমবার শুরু হল কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির আলোচনা। ১৭ তিনমূর্তি লেনে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারির বাংলোয় বসেছিল বৈঠক। তবে বেশিক্ষণ তা এগোয়নি। আধ ঘণ্টার মধ্যেই কার্যত বৈঠক শেষ। এত তাড়াতাড়ি আলোচনা শেষ হওয়ায় রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, তবে কি আসন সমঝোতা নিয়ে উভয়ে মনমালিন্য? নাকি বোঝাপড়া এতটাই ভালো যে, বেশি আলোচনারই প্রয়োজন নেই?
এই প্রশ্নের আবহে আজ মঙ্গলবার ফের হবে বৈঠক। প্রাথমিকভাবে দু দলের নেতানেত্রীরা যা বোঝাপড়া করবেন, তা বিবেচনা করে চূড়ান্ত রূপ দেবেন দু’পক্ষেরই শীর্ষ নেতৃত্ব। রাহুল গান্ধী আগামী ২৫ নভেম্বর বিদেশ থেকে ফিরে প্রয়োজনে কথা বলবেন অখিলেশ যাদবের সঙ্গে। এদিনের বৈঠকে কংগ্রেসের পক্ষে উত্তরপ্রদেশের ইনচার্জ রাজেন্দ্র পাল গৌতম, প্রদেশ কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্র, কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ উপস্থিত ছিলেন। সমাজবাদী পার্টির পক্ষে সাংসদ রামগোপাল যাদব, ইকরা চৌধুরী, শ্যামলাল পাল এবং রাজীব রায়।
কং-সপা—দু’দলের বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস গোড়ায় ১৮১ আসনের দাবি রাখলেও পরে তা কমানো হয়েছে। কারণ, উত্তরপ্রদেশে কংগ্রেস এখনও দুর্বল। তাই দলের প্রদেশ নেতৃত্বকে রাহুল এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে পরামর্শ দিয়েছেন, বেশি আসন চেয়ে জোট জটিলতার প্রয়োজন নেই। ৭০ থেকে ৮৫ আসনে প্রার্থী দিক কংগ্রেস। সমাজবাদী পার্টির নির্বাচনী প্রতীকে আরও কয়েকজন কংগ্রেসি দাঁড়াক। তাহলে সমাজবাদী পার্টির টিকিটের সংখ্যা বাড়ল, আবার কংগ্রেসিদেরও ভোটে লড়া হল।
যদিও এখনই এই ফর্মুলায় রাজি নয় সমাজবাদী পার্টি। তারা এদিনের প্রাথমিক আলোচনায় কংগ্রেসকে জানিয়েছে, আপাতত ৫৫ আসনে প্রার্থীর নাম ঠিক করুন। জিততে পারবেন, এমন প্রার্থীকে দাঁড় করানোই অগ্রাধিকার। সমাজবাদী পার্টির এই পরামর্শ জেনে এদিন রাতে প্রমোদ তিওয়ারির বাংলোতেই নিজেদের মধ্যে বৈঠকে বসে কংগ্রেসের উত্তরপ্রদেশ নেতৃত্ব। তার নির্যাস নিয়ে যাওয়া হয় মল্লিকার্জুন খাড়্গের কাছে। প্রদেশ নেতৃত্বকে কংগ্রেস সভাপতির পরামর্শ, জেদাজেদি না করে সুষ্ঠু আসন সমঝোতায় জোর দিতে হবে। বিজেপিকে হারানোই আমাদের মূল লক্ষ্য।



