নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাহাড়ে বেড়াতে এসে নিখোঁজ সল্টলেকের এক পর্যটক। নাম সুপ্রতিভ মণ্ডল (৩১)। বাড়ি সল্টলেকের ডবল ই ব্লকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুপ্রতিভ বর্তমানে জুনিয়র টেলিকম অফিসার পদে কর্মরত। একাই বেড়াতে এসেছিলেন পাহাড়ে। ২৩ মে’র পর থেকে তাঁর মোবাইল সুইচড অফ। কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি পরিবারের। গ্যাংটক সদর থানায় দায়ের হয়েছে মিসিং ডায়েরি। তদন্ত শুরু করেছে পুলিশ।
নিখোঁজ যুবকের বাবা অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক সমীর মণ্ডলের দাবি, ছেলের মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে তাঁরা জানতে পেরেছেন, ২২ মে সুপ্রতিভ দার্জিলিংয়ে ছিলেন। পরের দিন গ্যাংটকে তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে। গ্যাংটক থেকে উত্তর সিকিমের দিকে কিছুটা এগনোর পর আর তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন মেলেনি। এরপর থেকেই দুশ্চিন্তা বেড়েছে।
গ্যাংটক সদর থানার তদন্তকারী পুলিশ অফিসার উমেশ তামাং বলেন, পরিবার মিসিং ডায়েরি করেছে। আমরা ওই পর্যটকের খোঁজ চালাচ্ছি। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। সুপ্রতিভের খোঁজে সল্টলেক থেকে গ্যাংটকে চলে এসেছেন পরিবারের সদস্যরা। এদিন রাতে এই বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে নিখোঁজ ওই যুবকের বাবা টেলিফোনে বলেন, ছেলে ভীষণ পাহাড় ভালোবাসে। বিয়ে করেনি। একাই ঘুরে বেড়ায়। এর আগে অনেকবার দার্জিলিং, গ্যাংটকে এসেছে। পাহাড়ে এসে গুম্ফায় সময় কাটাতে পছন্দ করে। এবার কী হল, বুঝতে পারছি না। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।