বঙ্গোপসাগরে তৈরি হল ঘূর্ণিঝড় অর্ণব, শক্তি বাড়িয়ে ক্রমশঃ এগোচ্ছে উপকূলের দিকে
  • ২৬ অক্টোবর, ২০২৬ ০৯:৫৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে পূর্বাভাস সত্যি করে পূর্ব-মধ্য এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ পরিণত হলো ঘূর্ণিঝড় অর্ণবে। আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এটি ১৫ কিলোমিটার বেগে ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়টি আজ ভোরবেলা পূর্ব-মধ্য এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর ১৫.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করেছিল। শেষ পাওয়া খবর পর্যন্ত এটি আন্দামান দ্বীপপুঞ্জ থেকে প্রায় ৫৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। অন্যদিকে এটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৬৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং কাকিনাড়া থেকে ৭৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্ব অবস্থান করছিল। 

Advertisement

ঘূর্ণিঝড়টি ক্রমশ পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাতের মধ্যে আরও তীব্রতা বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এবং আগামীকাল অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সকালের মধ্যে অন্ধ্রপ্রদেশের বাপাতলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী অংশ দিয়ে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময় অর্ণবের একটানা গতিবেগ থাকবে ১১৫ থেকে ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এই গতিবেগ সর্বোচ্চ পৌঁছাতে পারে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। 

ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।