নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আগামী বুধবার, ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের কাছে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটারে। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও, এর প্রভাবে রাজ্যের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে ২৮ ও ২৯ অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি বাড়তে পারে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কার কথাও জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, গত ছয় ঘণ্টায় ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’।
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই সময় সমুদ্রও উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলিতে মানুষদের সতর্ক করছে প্রশাসন। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ সোমবার দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলির কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপটও বজায় থাকবে। বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।



