সলমন খান মানেই চমক। এবার ছবির নাম ঘোষণার ক্ষেত্রেও চমক দেবেন ভাইজান। শোনা যাচ্ছে, বিগ বাজেটের সেই ছবির জন্য আলাদা প্রোমো ভিডিয়ো শ্যুট করতে চলেছেন সলমন। সেখানেই নতুন অবতারে দেখা যাবে অভিনেতাকে। তাঁর স্টাইল, অ্যাকশন ইমেজ ও ছবির লুক মিলিয়ে আলাদা মাত্রা দেবে গোটা টিজারটিকে। কয়েকদিনের মধ্যেই এই প্রোমো ভিডিয়োর শ্যুট করা হবে বলে খবর। তার জন্য মুম্বইয়ে আসছেন ছবির নির্মাতারা। দিল রাজু প্রযোজিত ও দক্ষিণী পরিচালক ভামশি পাদিয়াপল্লি পরিচালিত এই সিনেমার শ্যুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন সলমন ও নয়নতারা। তাঁদের কেমিস্ট্রি পর্দায় কেমন লাগে, তা দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। সম্প্রতি জানা গিয়েছে, আগামী বছর ঈদের মরশুমে মুক্তি পাবে সলমন অভিনীত এই ছবিটি। তার আগে নাম ঘোষণার টিজারে কী চমক দেন নির্মাতারা, তার দিকে নজর রয়েছে ইন্ডাস্ট্রির। এই মুহূর্তে ‘মাতৃভূমি’র কাজে ব্যস্ত সলমন। পুরোদমে চলছে এই সিনেমার অ্যাকশন দৃশ্যের শ্যুট। তবে চীনের সঙ্গে বর্তমানে ভারতের ভূ-রাজনৈতিক কৌশল যাতে কোনোভাবেই ছবির মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয়, তার দিকে নজর রাখতে হচ্ছে নির্মাতাদের। শোনা যাচ্ছে, ছবির একাধিক দৃশ্য পুনরায় শ্যুট করা হচ্ছে। পাশাপাশি বদলে ফেলা হয়েছে ছবির সংলাপও। চীন, গালওয়ান... ইত্যাদি প্রসঙ্গ যত কম সম্ভব উল্লেখ করার চেষ্টা করা হচ্ছে। আগে এই ছবির নাম ছিল ‘ব্যাটল অব গলওয়ান’। কিন্তু পরবর্তীতে ‘মাতৃভূমি’ নাম নিয়ে ছবিটি মুক্তি পাচ্ছে। চলতি বছর আগস্টে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।



