লখনউ: শুরু হয়েছিল বারাণসী দিয়ে। এবার চৈত্র নবরাত্রি উপলক্ষ্যে পুরো উত্তরপ্রদেশেই মাংস বিক্রিতে বিধিনিষেধ জারি করল যোগী আদিত্যনাথ প্রশাসন। রবিবার রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, নবরাত্রি চলাকালীন কোনও ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি করা যাবে না। যে সব বেআইনি কসাইখানা রয়েছে, সেগুলিও এদিন থেকে নিষিদ্ধ করা হল। এছাড়া ৬ এপ্রিল রামনবমীর দিন উত্তরপ্রদেশের সমস্ত মাংসের দোকান ও কসাইখানাই বন্ধ রাখতে হবে। নির্দেশিকা মেনে চলা হচ্ছে কি না, তা দেখার জন্য যোগী প্রশাসনের তরফে সারা রাজ্যে জেলাস্তরের বিশেষ কমিটি গঠন করার নির্দেশও দেওয়া হয়েছে। ওই তালিকায় পুলিস, স্বাস্থ্য, পরিবহণ, পশুপালন, শ্রম ও খাদ্য নিরাপত্তা দপ্তরের আধিকারিকরা ওই কমিটিতে থাকবেন। নিয়ম ভেঙে কেউ মাংস বিক্রি করলে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে নির্দেশিকায়। বেআইনি কসাইখানা ও ধর্মীয় স্থানের কাছে মাংস বিক্রি অবিলম্বে বন্ধ করার জন্য এদিন সমস্ত জেলা শাসক, পুলিস কমিশনার ও পুর কমিশনারদের নির্দেশ দিয়েছেন নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিব।



