বেতন বাড়ছে ভিবি জি রাম-জি সুপারভাইজারদের, ভুয়ো আবাস উপভোক্তা: তদন্তে সিআইডি, ‘সিট’ ঘোষণা শুভেন্দুর
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর পরবর্তী ভোটার তালিকা অনুযায়ী মৃত, ভুয়ো, স্থানান্তরিত অথবা অনুপস্থিত (এএসডিডি)— পশ্চিমবঙ্গ আবাস যোজনায় এমন ৫৭ হাজার উপভোক্তার সন্ধান পাওয়া গিয়েছে। সেই সঙ্গে এমন ১২ হাজার উপভোক্তার খোঁজ মিলেছে, যাঁরা পূর্বতন সরকারের আমলে নিয়মবহির্ভূত ভাবে ‘বাংলার বাড়ি’ (গ্রামীণ) প্রকল্পের আর্থিক সুবিধা পেয়েছেন। বর্তমানে এই প্রকল্পেরই নাম দেওয়া হয়েছে ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’। বিগত সরকারের আমলে এসব ভুয়ো উপভোক্তার হাতে সরকারি অর্থ পৌঁছানো নিয়ে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে নবান্ন। বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে সিআইডিকে দিয়ে তদন্ত করানো হবে। শুক্রবার নবান্ন সভাঘর থেকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’র ৭ লক্ষ ১৭১ জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির অর্থপ্রদানের অনুষ্ঠানে একথা জানান তিনি। ভুয়ো উপভোক্তাদের নাম সুপারিশের ক্ষেত্রে সরকারি আধিকারিকদের কোনো গাফিলতি বা অনিয়ম থাকলে তাঁদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অযোগ্য উপভোক্তাদের হাতে পৌঁছে যাওয়া অর্থ ফেরত দিতে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। আগে এই সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর। 

Advertisement

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ এবং পদস্থ কর্তারা। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ‘দুর্নীতি ও সরকারি অর্থের অপচয় বন্ধ করতেই সরকারের এই পদক্ষেপ।’ তিনি আরও জানান, প্রায় ১২ হাজার অযোগ্য উপভোক্তার মধ্যে এক হাজার জন ইতিমধ্যে অর্থ ফেরত দিয়েছেন। বাকি ১১ হাজারকে ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরত দিতে হবে। বাড়ি নির্মাণের জন্য বালির দাম যাতে ১২০০ টাকার বেশি না হয়, তা নিশ্চিত করতে বলেছেন জেলাশাসকদের। 
অন্যদিকে, ভিবি জি রাম-জি প্রকল্পের সুপারভাইজারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চলতি মাস থেকেই বর্ধিত পারিশ্রমিক কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পূর্বতন সরকারকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘ডিএ-পে কমিশন না দিয়ে সরকারি কর্মীদের শুধুমাত্র অতিরিক্ত ছুটি দিয়ে মন জেতার চেষ্টা হয়েছিল।’ পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘বিগত সরকারের বিভিন্ন নীতির কারণে রাজ্যের মানুষের এক লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী পঞ্চায়েতে দ্রুত ৮ হাজার নিয়োগের কথা বলেছেন। সেই সঙ্গে ভিবি জি রাম-জির জন্যও যে নিয়োগ প্রয়োজন, তাও তিনি বিবেচনা করছেন।’