Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চৌমাথা মোড় বন্ধ হলে পুজোর সময় যানজটে ভোগান্তির আশঙ্কা সাঁইথিয়ায়

চৌমাথা মোড় বন্ধ হলে পুজোর সময় যানজটে ভোগান্তির আশঙ্কা সাঁইথিয়ায়
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, সিউড়ি: শহরের ভিতর রেল ওভারব্রিজ বন্ধ রয়েছে। বাইপাস দিয়ে যাতায়াত চলছে। এমনকী, পুজোর আগে শহরের চৌমাথা মোড়ও বন্ধ করা হচ্ছে। ফলে পুজোর সময় দর্শনার্থীরা যানজটে ব্যাপক ভোগান্তির শিকার হতে পারেন। সাঁইথিয়া পুরসভা জানিয়েছে, রেলের সঙ্গে ৮জুন বৈঠক হওয়ার কথা রয়েছে। কবে থেকে চৌমাথা মোড় বন্ধ করা হবে, সেই বিষয়ে সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

জেলার বিগ বাজেটের পুজোর মধ্যে সাঁইথিয়া শহরের নানা পুজো কমিটি রয়েছে। সাঁইথিয়া শহর ও তার আশপাশের এলাকা তো বটেই, জেলার নানা প্রান্ত থেকে প্রচুর মানুষ এখানে পুজো দেখতে আসেন। সকাল থেকে রাত পর্যন্ত ব্যাপক ভিড় হয়।
সাঁইথিয়া পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত বলেন, চৌমাথা মোড় বন্ধ থাকলে মানুষের ভোগান্তি হবেই। তবে শহরের উন্নয়নের স্বার্থে এটা সহ্য করতে হবে। দর্শনার্থীদের সমস্যা মেটাতে পুরসভার তরফে আরও দু’টি বাইপাস রাস্তা তৈরি করা হবে।
পুরসভা ও রেল সূত্রে জানা গিয়েছে, শহরের ভিতর রেলব্রিজ ভগ্নদশায় ছিল। তাই রেলের তরফে সেটি সংস্কারে উদ্যোগ নেওয়া হয়। প্রায় একবছর আগে সেই কাজ শুরু হয়েছে। কাজের জন্য রেলব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। তার বদলে বিকল্প রাস্তা দিয়ে সাঁইথিয়া শহরে যাতায়াত হচ্ছে। ওভারব্রিজের কাজের জন্য পুজোর আগে সাঁইথিয়া থানা লাগোয়া চৌমাথা মোড়ও বন্ধ করা হবে। 
গতবছরও পুজোর সময় রেলব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ ছিল। তাতে শহরে ব্যাপক যানজট দেখা দেয়। এবার গুরুত্বপূর্ণ চৌমাথা মোড়ও বন্ধ থাকলে সেই সমস্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রেলব্রিজের তিনদিকে শহরের তিনটি বড় পুজো দেখতে বহু মানুষ ভিড় করে। চৌমাথা মোড় দিয়েই দু’টি বড় পুজো মণ্ডপে যাওয়ার অন্যতম রাস্তা। সেটি বন্ধ থাকলে সমস্যা হবে।
পুজো উদ্যোক্তা পিনাকীলাল দত্ত বলেন, মানুষ যানজট সহ্য করেই গতবছর মণ্ডপে ভিড় জমিয়েছিল। পুরসভার তরফেও নানা পদক্ষেপ করায় মানুষের সমস্যা কিছুটা লাঘব করা গিয়েছিল। এবছরও তাই হবে। শহরের উন্নয়নে আমাদের একটু কষ্ট সহ্য করতে হবেই। অপর পুজো উদ্যোক্তা দিব্যেন্দু মণ্ডল বলেন, এবছর যানজটে আরও বেশি সমস্যা হবে। কারণ চৌমাথা মোড় বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চাই, তাড়াতাড়ি কাজ শেষ হোক।

Advertisement
সম্পর্কিত সংবাদ