নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মহানন্দা অভয়ারণ্যের ইকো সেনসেটিভ জোন (ইএসজেড) নির্ধারণ নিয়ে জটিলতা অনেকদিনের। দার্জিলিং জেলা প্রশাসন ও শিলিগুড়ি পুরসভা একাধিকবার চেষ্টা করেও জটিলতা কাটাতে পারেনি। অবশেষে বিষয়টি নিয়ে টনক নড়ল পদ্ম শিবিরের। তারা দিল্লিতে কেন্দ্রীয় বনমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। এনিয়ে তাদের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, দীর্ঘদিন শীতঘুমে ছিল। ছাব্বিশের নির্বাচনের দিকে তাকিয়েই ইএসজেড নিয়ে ময়দানে নেমেছে। এটা ধোকাবাজি রাজনীতি ছাড়া কিছু নয়।
মহানন্দা অভয়ারণ্যের ইএসজেডের এলাকা নির্ধারণ নিয়ে জটিলতা অনেকদিনের। ২০২০ সালের ২২ সেপ্টেম্বর এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে দিল্লির সরকার। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল অভয়ারণ্যের চারপাশে ৪০৫.২৮ কিমিজুড়ে ৫ কিমি ব্যাসার্ধে ইএসজেড নির্ধারিত হবে। এনিয়ে আপত্তি ওঠে। ৫ কিমি থেকে কমিয়ে ইএসজেডের এলাকা এক কিমি করার দাবি ওঠে। অবশেষে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে খসড়া বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার। তাতে ইএসজেডের সীমানা ১ থেকে ১৮.১৬ কিমি পর্যন্ত সম্প্রসারিত রয়েছে।
খসড়া সেই বিজ্ঞপ্তি এখনও চূড়ান্ত হয়নি। যারজেরে শিলিগুড়ি ও মাটিগাড়া সহ বিভিন্ন এলাকায় প্রচুর উন্নয়নমূলক কাজকর্ম থমকে গিয়েছে বলে অভিযোগ। এমনকী, সাধারণ মানুষ বাড়ি নির্মাণও করতে পারছে না বলে অভিযোগ। ইএসজেডের খসড়া বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে পর্যন্ত বিষয়টি নিয়ে বিজেপি ট্যাঁ-ফোঁ করেনি। এখন তারা বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে দরবার করছে। তৃণমূলের দার্জিলিং জেলার মুখপাত্র (সমতল) বেদব্রত দত্ত বলেন, ওরা কুম্ভকর্ণ। গত দু’বছর ধরে বিষয়টি নিয়ে জেলা প্রশাসন, পুরসভা, বনদপ্তর ও রাজ্য সরকার লড়াই করছে। এখন বিষয়টি পদ্ম শিবিরের নেতাদের হুঁশ হয়েছে। ছাব্বিশের নির্বাচনের আগে ওরা এভাবে গা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। শুধু ইএসজেড নয়, মাটিগাড়ায় স্টেডিয়াম নির্মাণ, বাগডোগরা বিমানবন্দরের নাম পরিবর্তন প্রভৃতি সহ একগুচ্ছ প্রস্তাব নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের দোরেদোরে ঘুরছেন বিজেপির বিধায়করা। ওই টিমের সদস্য মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিধায়ক আনন্দময় বর্মন অবশ্য বলেন, ইএসজেড নিয়ে রাজনীতি বা ভোটের কোনও বিষয় নেই। উন্নয়নের স্বার্থে ওই জটিলতা কাটানোর জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি। এছাড়া, বাগডোগরা বিমানবন্দরের নাম পরিবর্তন করে বিশ্ব মহাবীর চিলা রায় আন্তর্জাতিক বিমানবন্দর করা, মাটিগাড়ায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার প্রস্তাব কেন্দ্রকে দিয়েছি। এগুলির সঙ্গেও ছাব্বিশের নির্বাচনের কোনও সম্পর্ক নেই।