নিজস্ব প্রতিনিধি, মালদহ: ৩৪ বছর ধরে বামফ্রন্ট সরকার এবং ১৫ বছর ধরে তৃণমূল সরকার মালদহের সব শিল্পকে বন্ধ করে গঙ্গা ভাঙন শিল্পকে বাঁচিয়ে রেখেছিল। এই শিল্প থেকে তারা বছরে একবার করে আয় করেছে। সোমবার মালদহের ইংলিশবাজার ব্লকের মিলকি অঞ্চলের খাসকোল এলাকার গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এভাবেই তোপ দাগেন বিজেপির দক্ষিণ মালদহের সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়।
এদিন দলীয় নেতৃত্বকে নিয়ে তিনি খাসকোল এলাকার গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শনে যান। চোখের সামনে ভয়াবহ ভাঙন দেখে উদ্বেগ প্রকাশ করেন। কথা বলেন এলাকার বাসিন্দা সহ ভাঙনে ভিটে ছাড়া হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া অসহায় মানুষজনের সঙ্গে। তাঁদের পর্যাপ্ত ত্রাণ দেওয়ার আশ্বাস দেন এবং শুখা মরশুমে ভাঙন প্রতিরোধে স্থায়ী কাজ করা হবে বলে আশ্বাস দেন। পরে বলেন, বাম কিংবা তৃণমূল সরকার যা করেছে, ‘বর্তমান সরকার সেই পথে হাঁটবে না। ভাঙনের সময় বড় কোনো কাজ হবে না। গঙ্গার জল নেমে যাওয়ার পর এলাকাবাসীর জন্য মডেল কলোনি তৈরি করে ভাঙন রোধে স্থায়ী কাজ হবে।’