মুম্বই: টি-২০ ক্রিকেটের জমানায় রিলে ক্যাচ দেখা অভ্যাসে পরিণত হয়েছে ক্রিকেটপ্রেমীদের। উড়ন্ত বল বাউন্ডারির বাইরে যাওয়ার আগে শরীর ছুড়ে লুফে নিয়ে সতীর্থের হাতে জমা দেওয়ার দৃশ্য আইপিএলেও কম নেই। কিন্তু বৃহস্পতিবার সেসবকে ছাপিয়ে গেল শ্রেয়স আয়ারের অবিশ্বাস্য ক্যাচ। হার্দিক পান্ডিয়ার যে অবিশাস্য ক্যাচ তিনি এবং বার্টলেট মিলে ধরলেন, তা দেখে স্তম্ভিত শচীন তেন্ডুলকর। ম্যাচ শেষে এক্স হ্যান্ডলে নিজের বিস্ময়ের কথা প্রকাশ করতে ভোলেননি মাস্টার ব্লাস্টার। তিনি লেখেন, ‘বাউন্ডারির পাশে দাঁড়িয়ে বলের গতি ও উচ্চতা অনুমান করে শরীর শূন্যে ভাসিয়ে যে ক্যাচ শ্রেয়স ধরেছে, তা এক কথায় অবিশ্বাস্য। হাওয়ার গতিবেগের বিষয়টিও মাথায় রাখতে হয়েছিল ওকে। আমার দেখা সেরা ক্যাচ।’



