মেলবোর্ন: বেলারুশের আরিনা সাবালেঙ্কার সঙ্গে হাত মেলালেন না ইউক্রেনের এলিনা ভিতোলিনা। অস্ট্রেলিয়ান ওপেনে বৃহস্পতিবার মহিলাদের সিঙ্গলস সেমি-ফাইনালে রীতিমতো রাজনৈতিক উত্তাপ। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের জেরে সৌজন্যের পথ এড়িয়েছেন তাঁরা। আর তা ঘিরে মেলবোর্ন পার্কে তুমুল বিতর্ক। তবে দুই তারকার কোর্টের লড়াই ছিল একদম একপেশে। সাবালেঙ্কার সামনে ৬-২, ৬-৩ স্ট্রেট সেটে উড়ে গেলেন ভিতোলিনা। টানা চতুর্থ বারের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন শীর্ষ বাছাই খেলোয়াড়টি। শনিবার খেতাবি লড়াইয়ে সাবালেঙ্কার প্রতিপক্ষ কাজাখস্তানের এলিনা রিবাকিনা। তিন বছর আগেও এই আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন তাঁরা। সেবার রিবাকিনাকে হারিয়েই প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেয়েছিলেন বেলারুশের সুন্দরী। শনিবার রিবাকিনার সামনে বদলা নেওয়ার সুযোগ। চলতি টুর্নামেন্টে দারুণ ছন্দে তিনি। সেমি-ফাইনালে আমেরিকার জেসিকা পেগুলাকে ৬-৩, ৭-৬ (৯-৭) সেটে হারিয়ে খেতাবি লড়াইয়ের টিকিট অর্জন করেছেন রিবাকিনা। প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেতে তিনি যে মরিয়া হয়ে ঝাঁপাবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
এদিকে, পুরুষদের সিঙ্গলসে শনিবার মহাম্যাচ। সেমি-ফাইনালে দ্বিতীয় বাছাই জানিক সিনারের মুখোমুখি নোভাক জকোভিচ। গত দু’বছরে আলাকারাজ ও সিনারের দাপটে একটিও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি সার্বিয়ান মহাতারকা। এমনকী ফাইনালেও উঠতে পারেননি। এবার সেই খরা কাটিয়ে ২৫তম মেজর জিততে মরিয়া তিনি। তবে জানিক সিনারও ছেড়ে কথা বলবেন না। মেলবোর্নে গত দু’বারের চ্যাম্পিয়ন তিনি। এবার হ্যাটট্রিকের হাতছানি বাড়তি তাগিদ জোগাবে ইতালিয়ান তরুণকে। তাছাড়া মেলবোর্ন পার্কে টানা ১৯ ম্যাচে অপরাজিত সিনার। জকোভিচের বিরুদ্ধে তাঁর পরিসংখ্যানও বেশ উজ্জ্বল। হেড-টু-হেডে ৬-৪ ব্যবধানে এগিয়ে তিনি। তারমধ্যে শেষ পাঁচটি ম্যাচেই জিতে কোর্ট ছেড়েছেন।
মহাম্যাচের আগে সিনার বলেন, ‘এখনও জকোভিচ খেলা চালিয়ে যাচ্ছে, এটা আমাদের কাছে সৌভাগ্যের। ওর থেকে অনেক কিছু শেখার আছে।’ তবে সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন জকোভিচ। প্রশ্নটা ছিল, ‘কেরিয়ারের শুরুতে ফেডেরার ও নাদালকে যেভাবে তাড়া করতেন, এখন সেভাবেই কি সিনার-আলকারাজকেও তাই করছেন?’ অসম্মানজনক প্রশ্নের জবাবে ক্ষুব্ধ জকোভিচ বলেন, ‘আমি কি সারা জীবন শুধু তাড়া করে গিয়েছি? ভুলে যাবেন না দুই প্রজন্মের মাঝে ১৫ বছর রাজত্ব করেছি। আমি কাউকে তাড়া করি না, নিজের দক্ষতায় ইতিহাস গড়ি।’ শনিবার পুরুষদের অপর সেমি-ফাইনালে আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ।