নয়াদিল্লি: আঙুলের চোট পুরোপুরি সারেনি সঞ্জু স্যামসনের। ব্যাটিংয়ে সমস্যা না থাকলেও উইকেট কিপিংয়ের ছাড়পত্র পাননি রাজস্থান রয়্যালসের অধিনায়ক। প্রথম তিন ম্যাচে ইমপ্যাক্ট সাব হিসেবে শুধুমাত্র ব্যাটিং করতে নামবেন তিনি। এই পরিস্থিতিতে প্রথম তিন ম্যাচে রাজস্থানকে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ। আর গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়াবেন ধ্রুব জুরেল।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচে জোফ্রা আর্চারের বলে আঙুলে আঘাত পেয়েছিলেন সঞ্জু। অস্ত্রোপচারও করতে হয়। তারপর থেকেই এনসিএ’তে রিহ্যাবে ছিলেন তিনি। আইপিএলের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার আগে তাঁর ফিটনেস টেস্ট হয়। সেখানে ব্যাটিংয়ে ছাড়পত্র পেলেও কিপিং করতে গিয়ে অসুবিধা বোধ করেন। তাই তাঁকে আরও কয়েক সপ্তাহ কিপিং না করার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। তার জেরেই রিয়ানকে প্রথম তিন ম্যাচে নেতা ঘোষণা করেছে রাজস্থান রয়্যালস। দৌড়ে ছিলেন যশস্বী জয়সওয়ালও। তবে আসন্ন আইপিএলে রাজস্থান বেশিরভাগ ম্যাচ খেলবে রিয়ানের হোম টাউন গুয়াহাটিতে। বিশেষজ্ঞ মহলের ধারনা, স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে আকর্ষণ বাড়াতেই অসমের ঘরোয়া ক্রিকেট দলের অধিনায়ক রিয়ান পরাগকে দায়িত্ব দেওয়া হল। সেই সুবাদে আইপিএলের পাঁচ কণিষ্ঠতম ক্যাপ্টেনের তালিকায় ঢুকে পড়লেন ২৩ বছর বয়সি অলরাউন্ডার। এক্ষেত্রে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। কোটিপতি লিগে ২২ বছর ৪ মাস বয়সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হয়েছিলেন বিরাট। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন স্টিভ স্মিথ (২২ বছর ১১ মাস), শ্রেয়স আয়ার (২৩ বছর ৩ মাস ২১ দিন), সুরেশ রায়না (২৩ বছর ৩ মাস ২২ দিন)। আর রিয়ান অধিনায়ক হলেন ২৩ বছর ৪ মাস বয়সে।