ফের মাঠে নামছেন রায়ানরা, অজুহাত নয়, নাছোড় লড়াই চাইছেন খালিদ
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তাঁর প্রশিক্ষণে ১৬টি ম্যাচ খেলেছে ভারতীয় দল। জিতেছে মাত্র দু’টি। হার ন’টিতে। বাকি পাঁচটি ড্র। এর মধ্যে সিংহভাগ ম্যাচেই প্রতিপক্ষ গোলের মালা পরিয়েছে। গত মাসে দেশের মাটিতে উরুগুয়ের কাছে ১-৬ ব্যবধানে হারের পর বৃহস্পতিবার কিউয়ি মুলুকে ৫ গোল হজম করেন রায়ান উইলিয়ামসরা। বিশাল কাইথ না থাকলে লজ্জা আরও বাড়ত। বলার অপেক্ষা রাখে না, ক্রমশ কোণঠাসা হচ্ছেন কোচ খালিদ। আগামী মাসে ফেডারেশনের নির্বাচন। নতুন কমিটি এলে তাঁর চাকরি যেতেই পারে। এমন পরিস্থিতিতে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের মাঠে নামছেন মনবীররা। গত ম্যাচের হার ভুলে রিচার্ড হ্যাডলির দেশে ভালো কিছু করে দেখাতে মরিয়া খালিদ-ব্রিগেড।

Advertisement

আনোয়ার আলির অনুপস্থিতিতে গত ম্যাচে ভারতীয় ডিফেন্সকে বড্ড নড়বড়ে দেখিয়েছে। সেই সুযোগ কাজে লাগায় নিউজিল্যান্ড। একইসঙ্গে সেখানকার শীতল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেও কিছুটা সমস্যা হয় ভারতীয় ফুটবলারদের। তবে রবিবার ম্যাচের আগে ছেলেদের থেকে কোনো অজুহাত শুনতে চান না মুম্বইকর। ভারতীয় কোচের মন্তব্য, ‘গত ম্যাচে আমরা প্রত্যাশামতো পারফরম্যান্স মেলে ধরতে পারিনি। তবে ছেলেদের চেষ্টায় কোনো খামতি ছিল না। প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী। তারউপর ভারতের সঙ্গে সাড়ে সাত ঘণ্টার সময়ের পার্থক্য রয়েছে। ফলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হয়েছে। তবে এগুলি অজুহাত নয়। গত ম্যাচের ভুল শুধরে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’ 
২০২৬ বিশ্বকাপে ইরানকে রুখে দিয়েছিল নিউজিল্যান্ড। তবে মিশর ও বেলজিয়ামের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ড্যারেন বাজেলির ছেলেরা। তাই ধারেভারে খালিদ ব্রিগেডের থেকে অনেকটাই এগিয়ে তারা। ফিফা র‌্যাংকিংয়ে নিউজিল্যান্ড এখন ৮৫ নম্বরে। ভারত ১৩৮। তাই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে আরও বড়ো ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়াই লক্ষ্য র‌্যান্ডাল, ক্রিস উডদের।
 ম্যাচ শুরু ভারতীয় সময় সকাল ৮-৪০ মিনিটে।