মুম্বই, ৩০ নভেম্বর: আইপিএল থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আন্দ্রে রাসেল। আজ, রবিবার সেই কথা ঘোষণা করেছেন রাসেল। ২০১৪ থেকে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ঝোড়ো ব্যাটার। ২০২৪ সালের আইপিএলের চ্যাম্পিয়ন হয় কেকেআর। সেই দলেও ছিলেন তিনি। তবে ২০২৬-এর আইপিএলের নিলামে আর দলে রাসেলকে রাখেনি কেকেআর কর্তৃপক্ষ। নিলামে ওঠার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই আইপিএল থেকে অবসর নিয়ে নিলেন ‘ডি-রাস’। তবে আইপিএল ছেড়ে যাচ্ছেন না রাসেল।
তিনি শাহরুখ খানের দলের ‘পাওয়ার কোচ’ হিসেবে নিযুক্ত হয়েছেন। এদিন এক ভিডিও বার্তায় রাসেল বলেন, ‘আমি আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে বিশ্বের অন্য সব লিগে এবং কেকেআরের অন্য দলগুলির হয়ে খেলা চালিয়ে যাব। আইপিএলে কেকেআরের হয়ে আমার দুর্দান্ত কিছু স্মৃতি রয়েছে। দলের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছি। কিন্তু কখনও কখনও আপনাকে থামতেই হয়। যখন এই সিদ্ধান্তটা নিয়েছি, মনে হয়েছে এটাই সেরা সিদ্ধান্ত।’ আইপিএলের কেরিয়ারে মোট ১৪০টি ম্যাচ খেলেছেন আন্দ্রে রাসেল। তাঁর সংগ্রহে ২৬৫১ রান, স্ট্রাইক রেট ১৭৪.১৮। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দাপট দেখিয়েছেন রাসেল। ১২৩টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। গড় ২৩.২৮।