Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাউরকেল্লায় সিটুর ভরাডুবি, সিএলডব্লুর নির্বাচন নিয়ে চিন্তায় সিপিএমের সংগঠন

রাউরকেল্লায় সিটুর ভরাডুবি, সিএলডব্লুর নির্বাচন নিয়ে চিন্তায় সিপিএমের সংগঠন
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ভোট নিয়ে জোর প্রচার চলছে চিত্তরঞ্জনে। রেল শহরে সিএলডব্লুর শ্রমিক ইউনিয়নের স্বীকৃত নির্বাচন প্রথমবার হতে চলেছে ৪ ডিসেম্বর। ৭৪০০ রেলকর্মী বেছে নেবেন কোন সংগঠন তাঁদের প্রতিনিধিত্ব করবেন। একাধিক শ্রমিক সংগঠন থাকলেও এখানে সম্মুখ সমরে সিটু ও আইএনটিইউসি। শুধু সিএলডব্লু নয়, পূর্ব রেলের শ্রমিক ইউনিয়নের নির্বাচন হতে চলেছে ডিসেম্বরের প্রথমেই। এখানে সিটু, আইএনটিইউসির পাশাপাশি লড়াই করছে আইএনটিটিইউসিও। এই সময়ে সিটুর শিবিরে এসেছে বড় ধাক্কা। সাম্প্রতিকালে রাউরকেল্লা স্টিল প্ল্যান্টের শ্রমিক ইউনিয়ন নির্বাচন হয়েছে। তার ফল প্রকা঩শ্যে আসতেই দেখা গিয়েছে, মোট ৮৯৫১টি ভোটের মধ্যে সিটু পেয়েছে মাত্র ১৬২টি। যা নিয়ে দলের অন্দরে রীতিমতো আলোড়ন পড়েছে। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর উপর দোষারোপও শুরু করেছে। তারা সবচেয়ে বেশি চিন্তিত, এই শোচনীয় ফল দেশজুড়ে হতে চলা রেলের নির্বাচনগুলিতে যেন প্রভাব না ফেলে। যা নিয়ে সিপিএমের মতো সিটুও মুছে যাবে বলে তোপ বিরোধী শ্রমিক সংগঠনগুলির। সিটু নেতা তথা স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ললিত মিশ্র বলেন, আমাদের বার্তা শ্রমিকের কাছ পর্যন্ত পৌঁছতে পারেনি। আমরা এই ফলের পর্যালোচনা করছি। 
Advertisement
দেশের বৃহত্তর রেল ইঞ্জিন কারখানা সিএলডব্লু ১৯৫০ সালে চালু হয়। এই প্রথম কারখানায় হতে চলেছে শ্রমিক ইউনিয়নের ভোট। যা নিয়ে রেল শহরজুড়ে নির্বাচনের হাওয়া। প্রতিটি আবাসনেই রয়েছেন রেলকর্মীরা। তাই শ্রমিক নেতারা কারখানার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও প্রচার সারছেন। সিটু, আইএনটিইউসির পাশাপাশি বিএমও লড়াইয়ে রয়েছে। সিটুর দাবি, ১৯৬৮ সাল থেকে তারাই নির্বাচনের দাবি জানিয়ে এসেছে। ২০১২ সালে তারা ভোট করানোর জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে যায়। কোর্টের রায়েই নির্বাচন করাতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। কিন্তু এই ভোটে সিটুর বিরুদ্ধে বিরোধীরা বড় হাতিয়ার পেয়ে গিয়েছে। সেইলের অধীনে থাকা রাউরকেল্লা স্টিল প্ল্যান্টের নির্বাচনে জয়ী হয়ে শ্রমিক ইউনিয়নের স্বীকৃতি পেয়েছে আইএনটিইউসি। ৪১৯৯টি ভোট পেয়ে তারা পরাজিত করেছে বিএমএসকে। তারা পেয়েছে ৪০৬৩টি ভোট। এবার রেলে নির্বাচনে সিটুর বিরুদ্ধে এই ফলকেই হাতিয়ার করছে আইএনটিইউসি ও বিএমএস। চিত্তরঞ্জনের পাশাপাশি রেলের অন্যান্য জোনের নির্বাচনের আগে রাউরকেল্লার ফল বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। 
সিএলডব্লু লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজীব গুপ্ত বলেন, বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করলেও কাজের কাজ কিছু হবে না। শ্রমিকরা বুঝে গিয়েছে আইএনটিইউসি, বিএমএস কর্তৃপক্ষর কাছে বিকিয়ে আছে। রেলের প্রতিটি জোনেই আমাদের ফল ভালো হবে।
আইএনটিইউসির নেতা নেপাল চক্রবর্তী বলেন, ন’হাজার ভোটারের নির্বাচনে সিটু যেখানে ১৬২ টা ভোট পায় সেখানে অন্য নির্বাচনে জেতার আশা করে কী করে?  আমরা রেলকর্মীদের কাছে ওদের এই অবস্থা তুলে ধরছি। 
সম্পর্কিত সংবাদ