মুম্বই: সংঘর্ষবিরতি নিয়ে ইরান-আমেরিকা টানাপোড়েন চলছে। এরমধ্যে ইরানকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ধাক্কায় আন্তর্জাতিক বাজারে ফের চড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। সোমবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ছিল প্রতি ব্যারেল ১১০ ডলারেরও বেশি। যার ধাক্কা সরাসরি এসে পড়েছে ভারতীয় অর্থনীতিতে। বিদেশি সংস্থাগুলির শেয়ার বেচে লগ্নি সরিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা অব্যাহত। এর প্রভাব পড়ছে টাকার দরে। ফলে থামানো যাচ্ছে না ভারতীয় মুদ্রার রক্তক্ষরণ। সোমবার সপ্তাহের প্রথম দিন লেনদেনের শেষে মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দর দাঁড়াল ৯৬ টাকা ৩৫ পয়সা (প্রভিশনাল)। অন্যদিকে এদিন শেয়ার বাজারে ধস না নামলেও সেনসেক্স বা নিফটি কোনও সূচকেরই উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেনি।



