Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে রূপসী বাংলা এক্সপ্রেস

রূপসী বাংলা এক্সপ্রেস এবার হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকেই ছাড়বে। পুরুলিয়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত যাবে ট্রেনটি।

হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে রূপসী বাংলা এক্সপ্রেস
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: রূপসী বাংলা এক্সপ্রেস এবার হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকেই ছাড়বে। পুরুলিয়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত যাবে ট্রেনটি। সম্প্রতি এবিষয়ে রেলবোর্ডের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।  যা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়েছে। পুরুলিয়ার পর্যটন শিল্পেও এর প্রভাব পড়বে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

Advertisement

সম্প্রতি রেল বোর্ডের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে আরও চারটি ট্রেনের সঙ্গে পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি থেকে ছাড়বে বলে জানানো হয়েছে। তবে কবে থেকে এই নির্দেশ কার্যকরী হবে, তা জানানো হয়নি। পুরুলিয়া হোটেল মালিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, পুরুলিয়া থেকে হাওড়া ট্রেনের উপরেই পর্যটনের একটা বড়ো অংশ নির্ভরশীল। ট্রেনের সংখ্যাও কম রয়েছে। তারপর রূপসী বাংলা ট্রেনটিও সাঁতরাগাছিতে থেমে গেলে পর্যটকদের ভোগান্তি বাড়বে। জেলা বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ জয়দীপ্ত চট্টরাজ বলেন, এতে সাময়িক অসুবিধা হলেও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সাঁতরাগাছি থেকে হাওড়া যেতে ট্রেনে অনেক সময় লেগে যেত। অনেকেই  সময় বাঁচাতে সাঁতরাগাছিতে নেমে যেতেন। হাওড়া স্টেশনের উপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে রেলবোর্ড। পর্যটকদের অসুবিধার প্রসঙ্গে জয়দীপ্তবাবু বলেন, প্রাথমিকভাবে বিষয়টির সঙ্গে অভ্যস্ত হতে সময় লাগবে হয়ত। কিন্তু, এই সিদ্ধান্তে ভবিষ্যতে সবারই সুবিধা হবে। তাছাড়া যাঁরা হাওড়া থেকে পুরুলিয়া আসতে চাইবেন, তাঁদের জন্য রূপসী বাংলা ছাড়াও অন্য ট্রেন তো রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ