নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ইটভাটার জমির মাটি কাটাকে কেন্দ্র করে বিবাদ। ভাটার মালিককে বেধড়ক মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা ও তাঁর আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার গয়েশপুর পঞ্চায়েত এলাকার মেদিয়া পাড়ায়। আহত ইটভাটার মালিককে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। অভিযুক্ত নেতার বিরূদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিস। শান্তিপুরের গয়েশপুর এলাকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য আনোয়ার হোসেন মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শনিবার মনিভাটায় আনোয়ার লোকজন নিয়ে গিয়ে বেআইনিভাবে মাটি কাটছিলেন বলে অভিযোগ। সেইসময় তাঁদের বাধা দেন ভাটার মালিক দীপঙ্কর মণ্ডল। তাতেই ঘটে অঘটন। অভিযোগ, রীতিমতো ঝাঁপিয়ে পড়ে গলায় গামছা পেঁচিয়ে দীপঙ্করবাবুকে মারধর করেন আনোয়ার ও তাঁর লোকজন। শুধু তাই নয়, পরবর্তীকালে দুষ্কৃতীদের নিয়ে এসে ফের মারধর করা হয় দীপঙ্করবাবুকে। ছিনিয়ে নেওয়া হয় তাঁর গলার সোনার হার। এরপর সরাসরি অপহরণ করে নিয়ে যাওয়া হয় ইটভাটার মালিককে। খবর পেয়ে অভিযুক্ত আনোয়ারের বাড়ি থেকে দীপঙ্করবাবুকে উদ্ধার করে পুলিস। জখম দীপঙ্করবাবুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে জানার জন্য আনোয়ার হোসেন মণ্ডলকে ফোন করা হলে তিনি ধরেননি। এমনকী, মোবাইলে পাঠানো মেসেজেরও উত্তর দেননি। শান্তিপুর ব্লক-বি তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাই দেবনাথ বলেন, দীপঙ্করবাবুর উপর যে ধরনের অত্যাচার করা হয়েছে আমি তার নিন্দা করছি। অভিযুক্তের শাস্তির দাবি জানাচ্ছি। এই ধরনের বেআইনি কাজকে সমর্থন করার প্রশ্নই ওঠে না।



