Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাত নামলেই টিনের চালে ‘ভূতুরে ঢিল’, তদন্তে পুলিস

রাত নামলেই টিনের চালে ‘ভূতুরে ঢিল’, তদন্তে পুলিস
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: সন্ধ্যা হলেই বাড়ির চালে ঢিল পড়ছে। কারা ঢিল ছুড়ছে, তা বুঝতেই পারছেন না বাসিন্দারা। রীতিমতো কাটা পাথর এসে পড়ছে টিনের চালে। মাথাভাঙা থানায় ব্যাপারটি জানিয়েছেন বাসিন্দারা। পুলিস গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেও বন্ধ হয়নি ঢিল ছোড়া। অনেকেই এই ঘটনাকে ভূতুড়ে বলেও বিশ্বাস করতে শুরু করেছেন। যদিও পুলিস জানিয়েছে, বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেউ ভয় দেখাতে ঢিল ছুড়ছে। তাকে শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে। 
Advertisement
মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রামপঞ্চায়েতের ছাটখাটেরবাড়ি এলাকায় কয়েকদিন ধরে সন্ধ্যার পর এই কাণ্ড ঘটছে। কাটা পাথরের টুকরো, কখনও মাটি দিয়ে ঢিল ছোড়া হচ্ছে। এনিয়ে স্থানীয় বাসিন্দারা দলবেঁধে নজরদারি চালালেও কাউকে ধরতে পারছেন না। প্রথমদিকে বিষয়টি গুরুত্ব না দিলেও টানা কয়েকদিন ধরে একইভাবে ঢিল পড়ায় এখন অনেকেই ভয় পাচ্ছেন। এলাকার বাসিন্দা নারায়ণ বর্মন, কৌশিক বর্মন, নিশীথ রায় বলেন, এক দুদিনের ঘটনা নয়, টানা এক সপ্তাহের বেশি সময় ধরে বাড়িতে ঢিল পড়ছে। পাড়ার দশ বারোটি বাড়ি। সবার বাড়িতেই ঢিল পড়ছে। কারা ঢিল ছুড়ছে কিছুই বুঝতে পারছি না। পুলিসকেও বিষয়টি জানিয়েছি। সন্ধ্যা হলে এখন বাচ্চারা ভয় পাচ্ছে। পড়াশোনা করতে পারছে না তারা। পুলিস এসে কথা বলে চলে গিয়েছে। রাতে লাইট অফ করলেই ঢিল পড়তে থাকে। 
এব্যাপারে মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা বলেন, ছাটখাটের বাড়ি এলাকায় রাত ঢিল পড়ছে কয়েকটি বাড়িতে। আমাদের পুলিস কর্মীরা গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। কেউ হয়তো ঢিল ছুড়ছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।
সম্পর্কিত সংবাদ