Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাত বারোটায় ১৫৭ পাউন্ডের কেক কেটে জেলার জন্মদিন উদ্‌যাপন

রাত বারোটায় ১৫৭ পাউন্ডের কেক কেটে জেলার জন্মদিন উদ্‌যাপন
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পয়লা জানুয়ারি জলপাইগুড়ির জন্মদিন। এই উপলক্ষ্যে বর্ষশেষের মধ্যরাতে বার্থ ডে সেলিব্রেশন করলেন শহরবাসী। প্রতিবারের মতো এবারও জলপাইগুড়ির জন্মদিন পালনে অনুষ্ঠানের আয়োজন করে শহরের মিলন সঙ্ঘ। এবার ১৫৭ বছরে পা দিল জলপাইগুড়ি। সেকারণে তিস্তা-করলা উৎসব প্রাঙ্গণে ৩১ ডিসেম্বর রাত ঠিক বারোটায় ১৫৭ পাউন্ডের কেক কাটা হয়। 
Advertisement
শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রাজীব গুণ, ভাস্কর চক্রবর্তী, জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শেখর বন্দ্যোপাধ্যায় প্রমুখ জলপাইগুড়ির জন্মদিনের কেক কাটেন। পুরনো বছরকে বিদায় জানিয়ে ৩১ ডিসেম্বর রাত বারোটায় উৎসব প্রাঙ্গণে বেজে ওঠে ঘণ্টা। তারপরই নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি জলপাইগুড়ির জন্মদিন সেলিব্রেশনে মেতে ওঠেন শহরবাসী। তিস্তা-করলা উৎসবের সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, জলপাইগুড়ির জন্মদিনের কেক তো ছিলই, সেইসঙ্গে বর্ষশেষের রাতে যাঁরা উৎসব প্রাঙ্গণে এসেছেন তাঁদের প্রত্যেককে কেক দেওয়া হয়েছে। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। তাঁর কথায়, জলপাইগুড়ি সংস্কৃতির শহর। তিস্তা ও করলা নদীকে ঘিরে এই শহরের একটা ঐতিহ্য রয়েছে। জন্মদিনে সেই ঐতিহ্য ও সংস্কৃতি ফেরানোর শপথ নিয়েছি আমরা। 
এদিকে, নতুন বছরের পাশাপাশি জলপাইগুড়ির জন্মদিন উপলক্ষ্যে রঙিন আলোয় সেজেছে শহরের রাস্তাঘাট। গোটা শহর ফেস্টিভ মুডে। তিস্তা উদ্যানে এদিন উপচে পড়ে ভিড়। এদিন পুলিসের তরফে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী জায়গাগুলির ছবি সহ ক্যালেন্ডার প্রকাশ করা হয়।
সম্পর্কিত সংবাদ