Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাতে বন্ধ রায়গঞ্জ মেডিক্যালের সুলভ শৌচালয়, ওয়াটার এটিএম  

রাতে বন্ধ রায়গঞ্জ মেডিক্যালের সুলভ শৌচালয়, ওয়াটার এটিএম
 
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিক্যালে রাতে বন্ধ থাকছে সুলভ শৌচালয়, ওয়াটার এটিএম ও পুরসভার বিবেকানন্দ পুরনিবাস। যার জেরে চরম সমস্যায় পড়তে হচ্ছে রোগীর পরিজনদের। 
Advertisement
মেডিক্যালে ভিনজেলার পাশপাশি অন্যরাজ্যের মানুষ চিকিৎসার জন্য আসেন। পরিজনদের অনেক সময় হাসপাতাল চত্বরে থাকতে হয়। দিনে  জরুরি পরিষেবা সহজে পেলেও রাতে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। বিবেকানন্দ পুর নিবাসে স্বল্পমূল্যে রোগীর পরিজনদের থাকার ব্যবস্থা রয়েছে। অথচ সেটিও বন্ধ থাকায় সমস্যা বাড়ছে। 
রায়গঞ্জের বাসিন্দা কৌশিক ভট্টাচার্য বলেন, এবিষয়ে মেডিক্যাল কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছি। রাতে মহিলাদের শৌচালয়ে যাওয়ার ব্যবস্থা নেই। অনেক মহিলা বিপদে পড়ছেন। মৌখিকভাবে জানিয়েছি, এবার লিখিত অভিযোগ করলাম। অন্তত রাতের বেলা এই পরিষেবায় জোর দেওয়া দরকার। মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে সুলভ শৌচালয় দেখাশোনার দায়িত্বে রয়েছে একটি সংস্থা। তারাই সবটা দেখে। কিন্তু রাতে যদি বন্ধ থাকে, তাহলে শৌচালয়ের প্রয়োজনীয়তা কিসের? শৌচালয়ের দায়িত্বে থাকা এক কর্মীও জানান, রাত ১০ টা থেকে ভোর ৪ টে পর্যন্ত শৌচালয় বন্ধ থাকে। রায়গঞ্জ মেডিক্যালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, পুরনিবাস সবসময় যাতে খোলা থাকে সেবিষয়ে পুরসভার সঙ্গে কথা বলব। ওয়াটার এটিএমে জল পরিষেবা যাতে ঠিক থাকে সেই ব্যবস্থাও করা হবে। শৌচালয়ের দায়িত্বে যারা রয়েছে, তাদের চিঠি দিয়ে সবসময় খোলা রাখার ব্যবস্থাও করব।
পুরনিবাস রাতে বন্ধ রাখার ব্যাপারে পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, আমার কাছে এধরনের কোনও অভিযোগ আসেনি। অভিযোগ সত্যি হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ