নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: কয়েকজনের বাধায় থমকে গিয়েছে রাস্তার কাজ। সেই কাজ শুরুর দাবিতে বুধবার রানিবাঁধের বাসিন্দারা বিক্ষোভ দেখান। এদিন রানিবাঁধ ব্লকের ভুড়কুড়া গ্রামের বাসিন্দারা আন্দোলনে নামেন। বিক্ষোভকারীরা বেশ কিছুক্ষণ বাঁকুড়া-রানিবাঁধ রাজ্য সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রানিবাঁধ ব্লক প্রশাসনের আধিকারিকরা সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ থামে।
Advertisement
স্থানীয় বাসিন্দা সবিতা সিংহ, পঞ্চমী সর্দার বলেন, রাজ্য সড়ক থেকে বামনিসিনি পাহাড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল ছিল। পথশ্রী প্রকল্পের আওতায় ওই রাস্তা পাকা করার জন্য অর্থ বরাদ্দ হয়। সেইমতো কাজ শুরু হয়েছিল। কিন্তু, কয়েকজনের বাধায় সেই কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়। প্রশাসন সমস্যা মেটাতে গা করছিল না। তাই বাধ্য হয়ে আমরা এদিন আন্দোলনে নামি। দ্রুত রাস্তার কাজ শুরুর দাবি জানাচ্ছি। খাতড়ার মহকুমা শাসক শুভম মৌর্য বলেন, জমি সংক্রান্ত সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য রানিবাঁধের বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সমস্যা মিটিয়ে রাস্তার কাজ যাতে শুরু করা যায়, তা আমি দেখব।



