সংবাদদাতা, হলদিবাড়ি: পথশ্রী প্রকল্পে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগ এনে বুধবার সেই কাজ বন্ধ করে দিলেন গ্ৰামবাসীরা। হলদিবাড়ি ব্লকের পার মেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের ৭৪ নম্বর নিজতরফ এলাকায় এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
Advertisement
পথশ্রী প্রকল্পের অধীনে ৪৮ লক্ষ টাকা ব্যয়ে কোচবিহার জেলা পরিষদের উদ্যোগে অনুকূল আশ্রম থেকে তিস্তা নদীর বাঁধ পর্যন্ত ১ কিমি ৫৫০ মিটার রাস্তার কাজ শুরু করা হয়েছে। স্থানীয় বাসিন্দা মানিক রায়, জগবন্ধু রায় প্রমুখ বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। সিডিউল দেখতে চাইলে দেখাচ্ছে না বরাত পাওয়া এজেন্সি। তিস্তার বাঁধের সঙ্গে রাস্তা সংযুক্ত করা হচ্ছে না। ফলে এই রাস্তা তৈরি হলেও আমাদের কোনও লাভ হবে না। আমরা চাই উন্নতমানের উপকরণ ব্যবহার করে রাস্তা হোক। তিস্তার বাঁধের সঙ্গে রাস্তাটি সংযুক্ত করা হোক। প্রতিবাদ জানিয়ে রাস্তার কাজ আটকে দিয়েছি আমরা। যদিও সংশ্লিষ্ট কাজের বরাত পাওয়া এজেন্সির অন্যতম কর্মকর্তা উত্তম সরকার বলেন, কয়েকজন টাকা চেয়েছিল। সেই টাকা দিতে আমরা অস্বীকার করায় তারা বিভিন্নভাবে হেনস্তা শুরু করছে। আমাদের কাজ যদি ভালো না হয় তাহলে ইঞ্জিনিয়ার এসে কাজ পরীক্ষা করে যেতেই পারেন। এ বিষয়ে হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা জানান, বিষয়টি জানা নেই। অভিযোগ এলে খোঁজখবর নিয়ে দেখা হবে।



