সংবাদদাতা, গঙ্গারামপুর: হরিরামপুর-ধুমসাদিঘি রাজ্য সড়কের গুরখইর এলাকায় অবাধে কাটা হচ্ছে রাস্তার গাছ। দু’ধারে বৃক্ষরোপণ করেছিল কুশমণ্ডি বনবিভাগ। রাতের অন্ধকারে গুরখইর এলাকায় নির্বিচারে সেই গাছ কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। স্থানীয়রা জানিয়েছেন, আকাশমণি, শিশু, মেহগনি ও ইউক্যালিপ্টাস গাছ রয়েছে। বাজারে যেসব কাঠের চাহিদা সবচেয়ে বেশি, বেছে বেছে সেগুলিই কাটা হচ্ছে। অসামাজিক কাজ বন্ধ করতে রাজ্য সড়কে পুলিস পেট্রোলিং বাড়ানোর দাবি তুলছেন বাসিন্দারা। কুশমণ্ডি বনবিভাগের রেঞ্জার জয়প্রকাশ রায় বলেন, হরিরামপুর থেকে ধুমসাদিঘি পর্যন্ত পিডব্লিউডি রোডসের গাছ বনবিভাগ দেখে। গাছ কাটার বিষয়টি জানা নেই। কর্মীদের নজরদারি বাড়াতে বলা হয়েছে। রাস্তার ধারে পুনরায় বৃক্ষরোপণ করব। হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার বলেন, বনদপ্তর অভিযোগ করলে ব্যবস্থা নেব।



