Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তাঘাট, নিকাশি ও যানজট প্রশ্নে বইমেলার মঞ্চ থেকে জবাব কৃষ্ণেন্দুর

রাস্তাঘাট, নিকাশি ও যানজট প্রশ্নে বইমেলার মঞ্চ থেকে জবাব কৃষ্ণেন্দুর
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মালদহ: থমকে গিয়েছে ইংলিশবাজার। যত্রতত্র লোডিং আনলোডিংয়ের দাপটে অপ্রশস্ত হয়ে গিয়েছে রাস্তা। নিকাশি বিঘ্নিত কোথাও কোথাও। ফলে জল জমছে পুর এলাকার এখানে ওখানে। এমনই একাধিক প্রশ্ন নিয়ে জেলা বইমেলা প্রাঙ্গণে হাজির হলেন মালদহ শহরের বিভিন্ন প্রান্তের নাগরিকবৃন্দ। মঞ্চে তখন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।  সঙ্গে বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত শাসক দলের  কাউন্সিলার। প্রতিটি প্রশ্নের বিশদ উত্তর দেওয়ার পাশাপাশি সমস্যার কারণও ব্যাখ্যা করলেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান। পাশাপাশি সমস্যা স্বীকার করার পাশাপাশি তিনি সমাধানের জন্য একাধিক পরিকল্পনার কথাও জানান। বইমেলা প্রাঙ্গণে জনপ্রিয় মঞ্চ বিকেলের ব্যালকনিতে বুধবার সন্ধ্যায় ছিল একটি আলোচনা সভা। মূল বিষয় ছিল ইংলিশবাজারের পুর পরিষেবা কোন পথে। বিষয়টি অবতারণা করেন বইমেলা কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক তথা স্থানীয় গ্রন্থাগার কৃত্যক সদস্য প্রসেনজিৎ দাস।  মঞ্চে হাজির ছিলেন কৃষ্ণেন্দুবাবু সহ চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য শুভময় বসু, কাউন্সিলার কাকলি চৌধুরী, গৌতম দাস প্রমুখ। এছাড়াও জেলা পরিষদের সদস্য প্রতিভা সিংহও ছিলেন মঞ্চে। তবে এদিন দর্শকদের প্রশ্ন একাই সামলানোর দায়িত্ব নিজের কাঁধেতুলে নেন কৃষ্ণেন্দুবাবু।
Advertisement
প্রাক্তন পদস্থ ব্যাঙ্ক আধিকারিক বিশ্বজিৎ ঘোষ, কবি ও সাহিত্যিক দীপক মণ্ডল এদিন নাগরিকদের পক্ষ থেকে প্রশ্ন ছুঁড়ে দেন পুরসভার চেয়ারম্যানের উদ্দেশ্যে। তাঁদের প্রশ্নের উত্তরে কৃষ্ণেন্দুবাবু বলেন, একথা ঠিকই মালদহ শহরে কার্যত জনবিস্ফোরণ ঘটেছে। ফলে অভূতপূর্ব চাপ পড়ছে পুর পরিষেবার উপরে। যত্রতত্র পার্কিং, রাস্তা দখল করে বাণিজ্য এসব রুখতে এবার স্পট ফাইন করবে পুরসভা। একই সঙ্গে তিনি বলেন, শহরের জমা জল নিকাশির জন্য একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই করা হয়েছে। 
কৃষ্ণেন্দুবাবু আরও বলেন, জনঘনত্বের বিন্যাসের ফলে উদ্ভূত সমস্যার সমাধানের একমাত্র সমাধান ইংলিশবাজার শহরের পরিধির বিস্তার। বিষয়টি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোচরে আনা হয়েছে। খানিকটা ইতিবাচক ইঙ্গিতও মিলেছে। পূর্ণ অনুমতি মিললে চূড়ান্ত পদক্ষেপ করা হবে।
সম্পর্কিত সংবাদ