সংবাদদাতা, তেহট্ট: তেহট্টের দত্তপাড়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হওয়ায় কাজ বন্ধ করল গ্রামবাসীরা। প্রায় এক ঘন্টা বন্ধ থাকার পর ঠিকাদার ও পঞ্চায়েতের নির্মাণ সহায়ক এসে যথাযথভাবে কাজ করার আশ্বাস দিলে ফের রাস্তার নির্মাণকাজ শুরু হয়।
Advertisement
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, তেহট্ট গ্রাম পঞ্চায়েত তেহট্ট দত্তপাড়ায় ২০০ মিটার পিচ রাস্তা করার জন্য দু’লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনুমোদন করে। সেই টাকায় বুধবার ওই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। কাজ শুরু হওয়ার পর দেখা যায় পিচ রাস্তা তৈরির জন্য যে সামগ্রী ব্যবহার করা হয় অত্যন্ত নিম্নমানের। সেই সঙ্গে রাস্তা পরিস্কার না করে কাজ শুরু হয়েছে। এই দেখে এলাকার বাসিন্দারা ওই কাজে বাধা দেন। তাঁদের দাবি এইভাবে কাজ করলে রাস্তা দু’দিনে আবার আগের অবস্থায় চলে যাবে। তাই এইভাবে কাজ করা যাবে না। এরপরেই রাস্তার কাজ বন্ধ করে দেন বাসিন্দারা। এলাকার পঞ্চায়েত সদস্য তীর্থেন্দু হালদার বলেন, আমি প্রথম থেকে রাস্তা ভালো করার জন্য বলেছি। এদিন রাস্তার কাজ শুরু হলে দেখা যায় খুব খারাপভাবে কাজ হচ্ছে। আমি প্রথমে বাধা দিই। তারপর আমার সঙ্গে এলাকার বাসিন্দারা এই কাজ করতে বাধা দেন। কাজ বন্ধের খবর পাওয়ার পর নির্মাণ সহায়ক ও ঠিকাদার আসেন। তাঁদের বলা হয় যদি ভালোভাবে কাজ না হয় তবে কাজ বন্ধ থাকবে। এরপর ওরা দুজন সঠিকভাবে কাজ করা হবে বললে আমরা আবার কাজ করতে দিই।
এই বিষয়ে তেহট্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান লীনা পারভিন শেখ বলেন, ওই রাস্তা সংস্কার করার সময় একটা সমস্যা হয়েছিল। সেটা পরে মিটে গিয়ে আবার কাজ শুরু হয়েছে।
এই বিষয়ে তেহট্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান লীনা পারভিন শেখ বলেন, ওই রাস্তা সংস্কার করার সময় একটা সমস্যা হয়েছিল। সেটা পরে মিটে গিয়ে আবার কাজ শুরু হয়েছে।



