Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা সংস্কারের কাজ কে করেছে? কৃতিত্ব নিয়ে মানিকচকে বিজেপি ও তৃণমূলের দড়ি টানাটানি

রাস্তা সংস্কারের কাজ কে করেছে? কৃতিত্ব নিয়ে মানিকচকে বিজেপি ও তৃণমূলের দড়ি টানাটানি
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: মানিকচক পঞ্চায়েত সমিতির রাস্তার কাজ করার কৃতিত্বের দাবিদার কারা, তা নিয়ে দড়ি টানাটানি তৃণমূল ও বিজেপির। মঙ্গলবার রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে উভয়পক্ষ দাবি করে, রাস্তা তারা করেছে। এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায়। শেষপর্যন্ত স্থানীয়দের হস্তক্ষেপে উভয়পক্ষই আলাদা করে রাস্তার কাজের সূচনায় হাত লাগায়।
Advertisement
মানিকচকের মথুরাপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে প্রায় পাঁচশো মিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনা লেগে থাকত। বারবার প্রশাসনকে এই রাস্তা সংস্কারের বিষয়টি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই দাবি মেনে ইতিমধ্যে প্রায় ৫৫ মিটার ঢালাই রাস্তা তিন লক্ষ টাকা ব্যয়ে করা হচ্ছে। দু’দিন আগে রাস্তার কাজের উদ্বোধন করেছেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এবং মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। মঙ্গলবার থেকে শুরু হয় ঢালাইয়ের কাজ। সেই কাজের সূচনার সময় উপস্থিত হন মানিকচক পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা উজ্জ্বল মণ্ডল সহ দলের স্থানীয় নেতৃত্ব। অন্যদিকে,তৃণমূলের মথুরাপুর অঞ্চল সভাপতি তথা মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী অপু মণ্ডল সহ তৃণমূল কর্মীরাও সেখানে উপস্থিত হন। কাজের দাবিদার কারা, তা নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা।
উজ্জ্বল মণ্ডল বলেন, ব্লক প্রশাসনের কাছে এই রাস্তার কাজের জন্য আমি বারবার আবেদন জানিয়েছিলাম। সেই দাবি মেনে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পাঁচ লক্ষের কাজ ধরা হয়েছিল। আমার আপ্রাণ চেষ্টার জন্যই এই কাজ হচ্ছে। কিন্তু বিধায়কের নির্দেশে খরচ করা হচ্ছে মাত্র তিন লক্ষ টাকা। বাকি দুই লক্ষের কাজ করা হচ্ছে অন্য কোথাও। সম্পূর্ণ টাকার কাজ হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হতেন। 
অন্যদিকে, তৃণমূলের মথুরাপুর অঞ্চল সভাপতি অপু মণ্ডলের দাবি, বিধায়কের উদ্বোধন করা রাস্তা বিজেপির নেতারা কেন উদ্বোধন করবেন? রাজনৈতিক ফায়দা লুটতে তাঁরা এই চক্রান্ত করছেন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এই রাস্তার কাজটি করাচ্ছেন। পরবর্তীতে বিধায়ক তহবিল থেকে সাবিত্রী মিত্র বাকি অংশের রাস্তার কাজ শেষ করবেন বলে জানিয়েছেন।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা মনোতোষ মণ্ডলের মন্তব্য, আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় ভীষণ খুশি। তবে যেভাবে দুই রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাস্তার কাজের কৃতিত্ব নিতে নিজেদের মধ্যে ঝামেলা করেছেন, সেটা বড্ড চোখে লেগেছে।
সম্পর্কিত সংবাদ