Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা সংস্কারের জট কাটল, ৯০ দিনের মধ্যে ক্ষতিপূরণের নির্দেশ

রাস্তা সংস্কারের জট কাটল, ৯০ দিনের মধ্যে ক্ষতিপূরণের নির্দেশ
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: অবশেষে আদালতের রায়ে রাস্তা সংস্কারের জট খুলল মেখলিগঞ্জের উছলপুকুরিতে। ক্ষতিপূরণের জটে রাস্তা সংস্কারের কাজ আটকে দিয়েছিলেন জমির মালিকরা। ফলে প্রায় দুই কিমি রাস্তা মেরামত থমকে ছিল। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রাজ্য সরকারের বিরুদ্ধে জমির মালিকদের একাংশ মামলা দায়ের করেন।  মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন জয়জিৎ চৌধুরী এবং প্রীতম দাস এবং মামলাকারীদের পক্ষে আইনজীবী ছিলেন সুবিনয় দে এবং দেবাঞ্জন দাস। দুই পক্ষের শুনানির পর সম্প্রতি জমির মালিকদের পক্ষে রায় দেয় হাইকোর্ট। কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, জমির মালিকদের কাছে জমি ফিরিয়ে দিতে হবে, না হলে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এজন্য ৯০দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে এই ক্ষতিপূরণ পূর্তদপ্তর(সড়ক) মিটিয়ে দেবে। ফলে রাস্তা সংস্কারে আর কোনও বাধা রইল না বলেই মনে করছেন স্থানীয়রা।
Advertisement
স্থানীয় ও প্রশাসন সূত্রে খবর, বছর কয়েক আগে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে জামালদহ বাসস্ট্যান্ড থেকে রানিরহাট বাজার পর্যন্ত ১৪কিমি রাস্তা মেরামতির উদ্যোগ নেওয়া হয়। রাস্তার দু’প্রান্তে সংস্কারের কাজ সম্পূর্ণ হলেও মাঝে প্রায় দু’কিমি মেরামতি আটকে যায়। বাসিন্দাদের অভিযোগ ছিল, রাস্তা নির্মাণের জন্য বহু বছর আগে জমি অধিগ্রহণ হলেও উপযুক্ত ক্ষতিপূরণ মেলেনি। সেজন্য তাঁরা রাস্তা সংস্কারের কাজ আটকে দিয়েছিলেন।
মামলাকারীদের পক্ষে প্রফুল্ল বর্মন, শিবেন বর্মন, উপেন বর্মন, জয়া বর্মন  জানিয়েছেন, জমি দিয়েও ক্ষতিপূরণ না মেলায় প্রায় ১৪কিমি দীর্ঘ রাস্তার মধ্যে ডাকালিবাড়ি থেকে ছাট ধুলিয়া পর্যন্ত দুই কিমি পথ সংস্কার করতে দেওয়া হয়নি। ক্ষতিপূরণের দাবিতে ২৬জন জমির মালিক মিলে মামলা দায়ের করি। অবশেষে, আমাদের পক্ষে রায় ঘোষণা হওয়ায় আমরা খুশি। আদালত ক্ষতিপূরণ বাবদ প্রায় ১কোটি ৩০ লক্ষ টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলাকারীদের আইনজীবী সুবিনয় দে বলেন, আগামী ৯০ দিনের মধ্যে আদালত মামলাকারীদের উপযুক্ত ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ক্ষতিপূরণ মেটানোর জন্য রাজ্য সরকার আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় পাবে। ক্ষতিপূরণ না মেটানো হলে জমির মালিকদের জমি ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে কোর্ট।
এই প্রসঙ্গে মাথাভাঙা পূর্তদপ্তর(সড়ক)-এর সহকারী বাস্তুকার শঙ্কর রায় বলেন, আদালত একটি নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি উঁচু মহলে জানিয়েছি। খুব শীঘ্রই ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু হবে।
সম্পর্কিত সংবাদ