সংবাদদাতা, মানকর: দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। একাধিকবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। তাই সোমবার রাস্তা সংস্কারের দাবিতে গলসি-১ ব্লক অফিস ও পারাজ পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন ঝাড়ুল আদিবাসীপাড়া ও রূপপুরের একাংশ। তাঁরা দাবি করেন, প্রশাসনের আধিকারিকদের সোমবারই এলাকা পরিদর্শন করতে হবে। যদিও গলসি-১ ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার ব্লক অফিসের ইঞ্জিনিয়ার ও ঝাড়ুল আদিবাসীপাড়ার পাঁচজন প্রতিনিধির উপস্থিতিতে রাস্তা নির্মাণের বিষয় নিয়ে আলোচনা হবে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিকবাজার মোড় থেকে ঝাড়ুল গ্রাম পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে। কিন্তু ঝাড়ুল থেকে রূপপুর যাওয়ার ২ কিলোমিটার রাস্তা পাকা হয়নি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। অভিযোগ, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। ঝাড়ুলের বাসিন্দা সুমি হাঁসদা বলেন, আমাদের রাস্তা হয়নি। বৃষ্টি হলে রাস্তা কাদা হয়ে যায়। তখন আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। হেঁটে শুধু নয়, সাইকেল নিয়েও ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না। অপর বাসিন্দা লোকিন সরেন, বৈদ্যনাথ সরেন বলেন, ঝাড়ুল ও রূপপুরের দুই আদিবাসীপাড়াকে বঞ্চিত করা হয়েছে। মূল রাস্তা তো হয়নি। পাড়ার অন্য রাস্তাও করা বাকি। তাঁরা আরও বলেন, ব্লকের বিডিও ও পারাজ পঞ্চায়েতের প্রধান বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। কয়েকদিন আগে রূপপুর থেকে দুই প্রসূতিকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয়েছিল। অ্যাম্বুলেন্স আসতে পারে না। রাস্তার হাল এত খারাপ যে বাইকে করেও নিয়ে যাওয়া যায়নি। শেষে খাটে করে ২ কিলোমিটার রাস্তা নিয়ে যেতে হয়েছিল। এদিন পারাজ পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়, রূপপুর গ্রামে রাস্তা পরিদর্শন করা হবে। প্রধান, উপপ্রধান ও নির্মাণ সহায়ক উপস্থিত থাকবেন। গলসি-১ ব্লকের বিডিও জয়প্রকাশ মণ্ডল বলেন, বিষয়টি জেলায় জানানো হয়েছে। পরিদর্শন করা হবে।



