Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা নিয়ে বিবাদ, বোল্লায় বাঁশের আঘাতে মৃত যুবক

রাস্তা নিয়ে বিবাদ, বোল্লায় বাঁশের আঘাতে মৃত যুবক
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: এই রাস্তায় চলাচল করলে সবাইকে পুঁতে ফেলব। পুকুরের রাস্তায় বেড়া দিয়ে প্রথমে হুমকি। এরপর প্রতিবাদ করতে গেলে একই পরিবারের চারজনকে মাথায় বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে প্রতিবেশী পরিবার। গুরুতর জখম অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে এক আক্রান্তকে ভর্তি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়েছে।
Advertisement
পুলিস জানিয়েছে, মৃতের নাম নূর ইসলাম মণ্ডল। পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত পরিবারের তিনজনকে পুলিস গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার পতিরামের বোল্লার চকপাড়াতে মৃতদেহ আসতেই  ক্ষোভ ছড়ায় এলাকায়। 
ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, দুই পরিবারের মধ্যে  মারপিটের ঘটনা ঘটে। অভিযুক্তরা ওই ব্যক্তি সহ তাঁর পরিবারের সদস্যদের বাঁশ নিয়ে মারধর করে। তার জেরে মৃত্যু হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু হয়েছে। মৃতের আত্মীয় মামন সরকার বলেন, চারজনকে মারার চেষ্টা হয়েছিল। বাকিরা রক্ষা পেলেও নূরকে বাঁচানো যায়নি। পুলিস সূত্রে খবর, নূরের স্ত্রীর মাথায় সেলাই পড়েছে। বাবা,  মাকেও  বেধড়ক মারধর করা হয়। দু’জনের ডান হাত ভেঙে গিয়েছে। বালুরঘাট হাসপাতালে চিকিৎসা চলছিল তিনজনের। নূরের মৃত্যু হওয়ায় তাঁরা বাড়ি ফিরেছেন।
পুলিস সূত্রে খবর, গত ২ তারিখ দুপুরে এই গণ্ডগোলের সূত্রপাত। অভিযুক্ত পরিবারের সদস্যরা ওই রাস্তায় বেড়া দিয়ে দেয়। প্রতিবাদ করতে গেলে প্রথমে নূরের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে অভিযুক্তরা। তাঁর বাবা ও মা আটকাতে গেলে তাঁদের মাথাতেও বাঁশ দিয়ে আঘাত করা হয়। প্রত্যেকের মাথায় সেলাই করতে হয়েছে। এদিকে ছোট ছেলের স্ত্রী এগিয়ে গেলে তাঁকেও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
তবে বড় ছেলে নূরকে সঙ্গে সঙ্গে রেফার করা হয়। বুধবার ভোরে  এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। এনিয়ে আগেই ছোট বউমা পতিরাম থানায় মামলা করেছিলেন। পুলিস জানিয়েছে ধৃতরা হল মকসেদুল সর্দার, আবুল সরকার, মনোয়ারা বিবি। একজন অভিযুক্ত পলাতক।
সম্পর্কিত সংবাদ