Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তা জঞ্জালমুক্ত রাখতে প্রসেসিং প্লান্ট হবে সমস্ত পুরসভায়, বৈঠক মন্ত্রীর

রাস্তা জঞ্জালমুক্ত রাখতে প্রসেসিং প্লান্ট হবে সমস্ত পুরসভায়, বৈঠক মন্ত্রীর
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ‘রাস্তায় জঞ্জাল রাখা যাবে না।  জঞ্জাল ফেলা যাবে না কোনও ফাঁকা জায়গায়। জঞ্জাল নিষ্কাশনের জন্য প্রসেসিং প্লান্ট তৈরি করতে হবে।’ পুরদপ্তরকে পরিষ্কার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেইমতোই রাজ্যের প্রতিটি পুরসভায় জঞ্জাল ব্যবস্থাপনা প্রকল্প তৈরি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে প্লাস্টিকের জঞ্জালকে বিদ্যুৎ প্ল্যান্টে ব্যবহারের জন্য। এই ব্যাপারে রাজ্যের বিদ্যুৎসচিব শান্তনু বসুর সঙ্গে কথা বলেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। জঞ্জাল ব্যবস্থাপনা প্রকল্প কীভাবে গড়া যায়, তার রূপরেখা তৈরি করতে বিভাগীয় সচিব গোলাম আনসারি এবং কেএমডিএর সিইও রাজেশ সিনহাকে নিয়ে বৈঠক করলেন পুরমন্ত্রী। 
Advertisement
সেখানে ঠিক হয়েছে, বর্তমানে কয়েকটি পুরসভায় জঞ্জাল থেকে সার তৈরি কিংবা অন্য ধরনের ব্যবস্থাপনা করা হয়। প্লাস্টিকজাত দ্রব্য বা আরডিএফ যাতে নতুন করে ব্যবহার করা যায়, এবার শুরু হল সেই পরিকল্পনা। ১২৮টি পুরসভাতেই এই প্রকল্প নেওয়া হচ্ছে। প্রথমে জঞ্জাল আলাদা করা হবে। তারপর নেওয়া হবে সেসব পুনরায় ব্যবহারযোগ্য করার প্ল্যান। পুরসচিব গোটা বিষয়টি নিয়ে বিদ্যুৎসচিব শান্তনু বসুর সঙ্গে কথা বলবেন এবং আরডিএফ পাঠিয়ে দেবেন বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে।
রাজ্যের সবগুলি শহর পরিচ্ছন্ন রাখাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অগ্রাধিকার। তিনি বি টি রোড দিয়ে যাওয়ার সময় দু’ধারের জঞ্জালের পাহাড় দেখে অসন্তুষ্ট হন। আধুনিক শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জঞ্জাল সরানো এবং প্লাস্টিক বর্জ্যের উৎপাত। এসবের সুষ্ঠু ব্যবহারের জন্যই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। 
এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ সব শহরকে পরিষ্কার রাখতে হবে। আমরা ইতিমধ্যেই কলকাতা এবং সংলগ্ন পুরসভাগুলিতে সেই কাজ শুরু করেছি। এবার রাজ্যের ১২৮টি পুরসভায় বৈজ্ঞানিক ভিত্তিতে এই কাজ করা হবে। এর জন্য এদিন বিদ্যুৎসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা আরডিএফ পাঠিয়ে দেব। ওরা সেটা বিদ্যুৎ প্লান্টে কাজে লাগাবে। প্রতিটি পুরসভায় জঞ্জাল অপসারণের জন্য একটি সুষ্ঠু পরিকল্পনা করতে চলেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ