সংবাদদাতা, মালদহ: ‘বর্তমান’-এ প্রকাশিত খবরের জেরে মালদহ জেলার দুই পুরসভা বিশেষত ইংলিশবাজারে ক্রমশ বাড়তে থাকা গোরু ও ষাঁড়ের উপদ্রব বন্ধে বৈঠক করল প্রশাসন, পুলিস, পুরসভা সহ বেশ কয়েকটি সরকারি বিভাগ। শীঘ্রই খাটাল মালিকদের রাস্তায় গোরু ছেড়ে দেওয়ার বিষয়ে সতর্ক করে কনভেনশন ডাকা হবে বলে এই শুক্রবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় ধাপে ইংলিশবাজারের রাস্তাগুলি কার্যত দখল করে রাখা গোরুগুলিকে নির্দিষ্ট প্রক্রিয়ায় চিহ্নিত করে মালিকদেরও খুঁজে বের করার ব্যবস্থা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ইংলিশবাজার শহরে গোরু ও ষাঁড়ের উপদ্রব বন্ধে ইতিমধ্যে আইনেরও সহায়তা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মালদহের সদর মহকুমা শাসক পঙ্কজ তামাংয়ের ডাকা এদিনের বৈঠকে ইংলিশবাজার ও পুরাতন মালদহ পুরসভার প্রতিনিধিরা হাজির ছিলেন। ছিলেন ডিএসপি (ট্রাফিক) সুশীল গুরুং, ইংলিশবাজার ও মালদহ থানার দুই আইসি, প্রাণী সম্পদ বিকাশ বিভাগ এবং ইংলিশবাজার ব্লক প্রশাসনের আধিকারিকরা।
Advertisement
সদর মহকুমা শাসক বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাস্তা দখল করে রাখা গবাদি পশুগুলিকে সরাতে জনস্বার্থে ধারাবাহিকভাবে এগোবে প্রশাসন। ৫টি বা তার বেশি সংখ্যক গোরুর মালিকদের নিয়ে প্রথমে একটি সতর্কতামূলক কনভেনশন করা হবে। সেখানে সাফ জানিয়ে দেওয়া হবে, বাড়ির গোরুকে রাস্তায় ছেড়ে রাখা যাবে না। গৃহপালিত পশু রাস্তায় পড়ে থাকলে ওই প্রাণীদেরও কী কী সমস্যা হতে পারে তাও ব্যাখ্যা করা হবে। পঙ্কজ তামাং বলেন, দ্বিতীয় পর্যায়ে রাস্তায় ঘুরে বেড়ানো গোরুগুলিকে চিহ্নিত করে নির্দিষ্ট প্রক্রিয়ায় সেগুলির মালিকদেরও চিহ্নিত করা হবে। গোরুগুলিকে রাস্তায় ছেড়ে রাখলে আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করারও আইনি ব্যবস্থা রয়েছে। এদিনের বৈঠকে হাজির ছিলেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল সদস্য শুভময় বসু এবং কাউন্সিলার উদয় চৌধুরী। তাঁরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মালদহ শহরের রাস্তায় গোরু ও ষাঁড় যেভাবে ঘুরে বেড়ায় তাতে ট্রাফিক ব্যবস্থা এমনকী নাগরিকদের সমস্যা হচ্ছে। মালদহ শহরের এক প্রবীণ নাগরিক সম্প্রতি গোরুর আক্রমণে গুরুতর জখম হয়েছিলেন। অন্য একটি ঘটনায় আহত হন এক মহিলা। ‘বর্তমান’ এই বিষয়টি তুলে ধরতেই নড়েচড়ে বসে প্রশাসন। এদিনের প্রশাসনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মালদহ শহরের অনেক নাগরিকই।



