সংবাদদাতা, মানকর: গলসি ১ ও ২ ব্লকের অন্যতম প্রধান বাজার গলসি বাজার। প্রতিদিন বহু মানুষ এই বাজারে কেনাকাটা করতে আসেন। কিন্তু বাজার এলাকার ফুটপাত, এমনকী, জাতীয় সড়কের সার্ভিস রোডেও কিছু অংশ দখল করে দোকানপাট বসে গিয়েছে। ফলে গলসি দিয়ে যাওয়া বেশিরভাগ দূরপাল্লার বাস এখন গলসি বাজারে খুব একটা আসছে না। ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছে। ফলে বাজার সেরে বাস ধরতে ভারী ব্যাগ নিয়ে সার্ভিস রোড পেরিয়ে ফ্লাইওভারের মুখে যেতে হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কাও থাকছে।গলসি-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হেমন্ত পাল বলেন, আমরা কয়েকবার পদক্ষেপ করেছিলাম। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষের নজরদারির অভাবে বারবার একই পরিস্থিতি হচ্ছে। ফুটপাত ব্যবসায়ীদের গলসি চৌমাথার কাছে বিকল্প জায়গা দিতে আমরা প্রস্তুত। গলসি বাজারের উপর গলিগ্রাম, শিল্যা, বাকতা, বেলান সহ বহু গ্রামের বাসিন্দারা নির্ভর করেন। সারাদিন বাজারে ভিড় থাকে। অফিসটাইমে ভিড় আরও বেড়ে যায়। ফুটপাত ও সার্ভিস রোডের বেশ খানিকটা দখল করে ব্যবসা চলে। এছাড়া, ফুটপাতে সাইকেল, বাইক রাখা হচ্ছে। ফলে রাস্তা সরু হয়ে যাচ্ছে।
Advertisement
এবিষয়ে বাজার কমিটির সম্পাদক বজরুল রহমান মণ্ডল বলেন, বিডিও অফিসে প্রশাসনের সঙ্গে এনিয়ে আলোচনায় বসা হয়েছিল। এর আগে চুন দিয়ে দাগ দেওয়া হয়েছিল। কিন্তু লাভ হয়নি। বাজার এলাকা যানজটমুক্ত করতে প্রশাসন উদ্যোগী হলে আমরা পাশে থাকব। রাস্তায় যানজটের কারণে গলসি বাজারের সার্ভিস রোডে দূরপাল্লার বাস প্রায় ঢুকছেই না। ফলে বাসযাত্রীদের ভোগান্তি বেড়েছে। সফিকুল ইসলাম নামে এক বাসযাত্রী বলেন, আসানসোলের বাস ধরব বলে অপেক্ষা করছিলাম। কিন্তু বাজারের রাস্তায় যানজটের জেরে এখন বাস এখানে আসে না। বাধ্য হয়ে ভারী ব্যাগ নিয়ে ফ্লাইওভারের মুখে এলাম।
একসময় গলসি বাজার দিয়ে শতাধিক বাস যেত। এখন হাতে গোনা কয়েকটি বাস বাজার দিয়ে যায়। এলাকার বাসিন্দা রাকিবুল হক বলেন, পুরষা থেকে গলসি বাজারে যেতে সমস্যা হচ্ছে। বেশিরভাগ বাস জাতীয় সড়কের ধারেই যাত্রী নামিয়ে দিচ্ছে। সেখান থেকে ফের টোটো ধরে বাজারে যেতে হচ্ছে। অথচ বাজারে বাস ঢোকার অনুমতি রয়েছে। বাস চালকরা বলছেন, গলসি বাজারে ঢুকলে নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে পারবেন না। পরিবহণ দপ্তরের এক আধিকারিক বলেন, স্থানীয়দের তরফে এনিয়ে কোনও আবেদন পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।