২-৪ নভেম্বর ইন্দোরে আরএসএসের বৈঠক
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগপুর: আগামী ২ থেকে ৪ নভেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) অখিল ভারতীয় কার্যকারী মণ্ডল বৈঠক। সংঘের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘আরএসএস প্রধান মোহন ভাগবত, সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে, সহ সাধারণ সম্পাদক ও অন্যান্য আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’ চলতি বছরেই শতবর্ষ পালন করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সেই উপলক্ষ্যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল। বিজয়া দশমীর অনুষ্ঠানের মধ্য দিয়ে তা শেষ হয়েছে। আরএসএসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয়া দশমীর অনুষ্ঠানে সংঘপ্রধান মোহন ভাগবতের বক্তব্যের উপর আলোচনা হবে এই বৈঠকে। বছরব্যাপী চলা বিভিন্ন অনুষ্ঠানের পর্যালোচনাও করা হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘সাংগঠনিক বিষয় ছাড়াও নতুন মিডিয়া প্ল্যাটফর্ম, মাদকের বাড়বাড়ন্ত, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশের হস্তক্ষেপ সহ নানা বিষয়েও আলোচনা হবে। তিন দিনের এই বৈঠক থেকে সংঘের আগামী দিনের কর্মপরিকল্পনা সংক্রান্ত সিদ্ধান্ত হবে।

Advertisement