সুখেন্দু পাল, বর্ধমান: তোলাবাজির বিরুদ্ধে রাজ্যের শীর্ষনেতারা গলা ফাটাচ্ছেন। কেউ কেউ মাইক হাতে সতর্ক করছেন। খোদ অর্থমন্ত্রীও তোলাবাজি নিয়ে আক্ষেপ করছেন। কিন্তু, এতকিছুর পরও পরিস্থিতি বদলাচ্ছে না। তোলাবাজির ধরন বদলাচ্ছে। তাতে বিজেপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। পরিস্থিতি থেকে রেহাই দিতে জেলা ধরে ম্যারাথন বৈঠক করছে আরএসএস। সংগঠন সূত্রে জানা গিয়েছে, বর্ধমান বিভাগে দু’দিন ধরে দফায় দফায় বৈঠক হয়। সংগঠনের শীর্ষনেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতিটি জেলার পরিস্থিতি নিয়ে পযর্লোচনা করা হয়েছে। এও জানা গিয়েছে, বিতর্কিত মণ্ডল সভাপতি বা অন্যান্য পদাধিকারীদের তালিকাও তৈরি করা হয়েছে। বিতর্কিত নেতারা যাতে দলে কোনোভাবেই কোথাও জায়গা না পায় সেই পরামর্শ বিজেপির শীর্ষ নেতৃত্বকে দেওয়া হচ্ছে।
আরএসএসের একটি সূত্রে জানা গিয়েছে, পদাধিকারী নির্বাচনে নামের তালিকা তৈরি হয়েছে। তাতেই যাতে সিলমোহর দেওয়া হয় সেই পরামর্শ বিজেপির নেতৃত্বকে দেওয়া হয়েছে। মূল সংগঠনের পাশাপাশি যুব মোর্চা নিয়েও আরএএস বেশ কিছু পরামর্শ দিয়েছে বলে জানা গিয়েছে। একইভাবে শ্রমিক সংগঠন বিএমএস ঢেলে সাজা হচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পর নতুন নতুন শ্রমিক সংগঠন মাথা তুলেছে। তৃণমূল নেতাদের অনেকেই সেই কমিটিগুলিতে জায়গা করে নিয়েছে। তা নিয়েও বিতর্ক তুঙ্গে উঠেছে। একটি সূত্রে জানা গিয়েছে, আলোচনায়, বিএমএসকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংগঠনের কেউ স্বঘোষিত নেতা হতে পারবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। যেখানে সেখানে পার্টি অফিসও খোলা যাবে না। শ্রমিক সংগঠনে বাইরের লোকদের জায়গা দেওয়া হবে না। এক অরএসএস নেতা বলেন, কমিটি গঠনে বিজেপি নেতাদেরও মতামত নেওয়া হবে। তবে তোলাবাজির মতো অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, তাদের কোনো মতেই রাখা যাবে না। কোনো প্রভাবশালী নেতার হাত মাথার উপরে থাকলেও রেহাই মিলবে না। জেলা কমিটি নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। কয়েকটি মণ্ডলের সভাপতি নিয়ে আলোচনা চলছে। সেটা চূড়ান্ত হলেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে। প্রয়োজনে সংগঠন ফের বৈঠকে বসবে। পুরসভাগুলিতে কো-অর্ডিনেটর বসানো নিয়েও দু’দিনের বৈঠকে আলোচনা হয়েছে। বর্ধমান, মেমারি, গুসকরা, আউশগ্রাম এবং কালনা পুরসভার প্রতিটি ওয়ার্ডেই আপাতত কো-অর্ডিনেটর বসানো হবে। সেই তালিকাও আরএসএস প্রাথমিকভাবে তৈরি করেছে। শিক্ষিত এবং স্বচ্ছ ভাবমূর্তির নেতাদেরই তালিকায় ঠাঁই দেওয়া হবে। তবে তালিকায় বিজেপির নেতারাও রয়েছেন। হঠাৎ করে দলে আসা কাউকে ঠাঁই দেওয়া হয়নি।



