সংবাদদাতা, নাগরাকাটা: বুধবার ভোরে মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তির একটি রিসর্টের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ল হাতি। অল্পের জন্য রক্ষা পেল কয়েকজন পর্যটক। জানা গিয়েছে, এদিন ভোরে সংলগ্ন পানঝোরা জঙ্গল থেকে একটি হাতি এসে মঙ্গলবাড়ি বস্তি এলাকায় ঢুকে পড়ে। ওই এলাকায় বেশ কয়েকজন পর্যটক প্রাতর্ভ্রমণ করতে যাওয়ার জন্য রিসর্টের গেট খুলতে যান। সেই সময় দৌড়ে গেটের সামনে চলে আসে একটি হাতি। হাতিটি গেট ভেঙে ভিতরে ঢুকে যায়। সেখান থেকে পর্যটকেরা পালিয়ে নিজেদের প্রাণ বাঁচান। এরপরই খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে হাতিটিকে তাড়িয়ে ফের জঙ্গলে ঢুকিয়ে দেন।



