Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাট পুরসভার বিরুদ্ধে সরব আরএসপি, দুর্নীতি নিয়ে নিষ্ক্রিয় বিজেপি!

তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার একাধিক দুর্নীতির অভিযোগ উঠলেও তার সঠিক তদন্ত হয়নি

বালুরঘাট পুরসভার বিরুদ্ধে সরব আরএসপি, দুর্নীতি নিয়ে নিষ্ক্রিয় বিজেপি!
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার একাধিক দুর্নীতির অভিযোগ উঠলেও তার সঠিক তদন্ত হয়নি। পুরসভার বিভিন্ন প্রকল্পে আর্থিক ও বিভিন্ন অনিয়মের অভিযোগে একাধিকবার সরব হয়েছে বাম ও বিজেপি। প্রশাসনের কাছেও অভিযোগ গিয়েছে। রাজ্যের পালাবদলের পর বাম ও বিজেপি দুই দল সরব হয়েছে। কিন্তু বর্তমানে রাজ্যের শাসকদল দুর্নীতি নিয়ে চুপ রয়েছে বলে অভিযোগ আরএসপির। ফলে পুরসভার বিরুদ্ধে আরএসপি সরব হলেও বিজেপিকে দুর্নীতি নিয়ে সরব হতে দেখা যাচ্ছে না। যার ফলে তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং তত্ত্ব সামনে আনছে আরএসপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে দুই পার্টি।

Advertisement

দুর্নীতি নিয়ে আরএসপির নেতা প্রলয় ঘোষ বলেন, বালুরঘাট ভবন থেকে শুরু করে শ্মশানের কাঠ সহ এমন বহু দুর্নীতি আমরা চোখে দেখেছি। বিষয়টি নিয়ে নানা মহলে অভিযোগ করেছি। কিন্তু তবু অজানা কারণে দুর্নীতির কোনো তদন্ত নেই। আমরা বিষয়টি নিয়ে বারবার সরব হচ্ছি। অথচ রাজ্যের শাসক দল বিজেপি এই ব্যাপারে কার্যত চুপ করে রয়েছে। বালুরঘাটবাসীর সন্দেহ, বিজেপি এতকিছু জানার পরও কেন  চুপ করে আছে? তাহলে কি তারা সেটিং করে চলছে।
বিজেপির শহর মণ্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত বলেন, তৃণমূল জমানায় আরএসপি অভিযোগ করতে পারত না। তারা রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারত না। বামেদের একের পর এক পার্টি অফিস দখল হয়েছে। আমরা আসার পর সেসব ফিরিয়ে দিয়েছি। তাহলে কার সঙ্গে এতদিন সেটিং ছিল তৃণমূলের? দুর্নীতির অভিযোগে আমরা প্রশাসনকে লিখিত ভাবে জানিয়েছি। প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে। আরএসপির অভিযোগ ভিত্তিহীন।
তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, ২০১১ সালে তৃণমূল আসার পর বামেরা এখানে ২০১৩ সাল অবধি বোর্ড চালিয়েছে। সেই সময় তো সেটিং করতে হয়নি। আমরা নির্বাচিত হয়ে এখানে এসেছি। যে কেউ দুর্নীতির অভিযোগ করতে পারেন। তবে অভিযোগ করলেই দুর্নীতি প্রমাণ হয় না। তদন্ত হোক, আমরা তদন্তের স্বার্থে সব রকম সহযোগিতা করব।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের বালুরঘাট পুরসভার বোর্ড গঠন হয়। গত চার বছরের বেশি সময় ধরে পুরসভার একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। বালুরঘাট ভবন সংস্কারে আর্থিক দুর্নীতির অভিযোগ, ট্যাঙ্ক মোড়ের জাতীয় পতাকা উত্তোলনের বাড়তি খরচ, ফুট ব্রিজ, ইলেকট্রিক চুল্লির শ্মশানের খড়ি, বাসস্ট্যান্ডের ঘড়ি, সিসিইউ অ্যাম্বুল্যান্স, ডাম্পিং গ্রাউন্ড, বৃক্ষরোপণ সহ বিভিন্ন জায়গায় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগগুলি লিখিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে। আরএসপি ও বিজেপির তরফ থেকে এই অভিযোগগুলি উঠেছিল। 
বিভিন্ন সময়ে ওঠা দুর্নীতি নিয়ে অভিযোগ জানানোর পরেও একটিরও তদন্ত হয়নি। ফলে দুর্নীতি নিয়ে এখন রাজ্যের শাসক দল বিজেপি চুপ থাকলেও সরব হচ্ছে আরএসপি। আরএসপি জানিয়েছে, দুর্নীতি নিয়ে তারা এবার পথে নামতে চলেছে। আর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সমস্ত অভিযোগ করা হয়েছিল, সেই সবই তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ