Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রেশনের চালের পুষ্টিগুণ নিশ্চিত করতে উন্নত   মানের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার উদ্যোগ

রেশনের চালের পুষ্টিগুণ নিশ্চিত করতে উন্নত   মানের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার উদ্যোগ
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কৌশিক ঘোষ, কলকাতা: রেশনের চালে যথাযথ পুষ্টিগুণ আছে কি না তা খতিয়ে দেখতে উদ্যোগী হল রাজ্য খাদ্যদপ্তর। উন্নত মানের ল্যাবরেটরিতে চালের নমুনা পরীক্ষা করার জন্য ইতিমধ্যে ই-টেন্ডার ডেকেছে দপ্তর। টেন্ডার প্রক্রিয়া শেষ হবে ফেব্রুয়ারিতে। খাদ্যদপ্তরের নিজস্ব ল্যাবে রেশনের খাদ্যের নমুনা পরীক্ষার ব্যবস্থা আছে। তা সত্ত্বেও বাইরের আরও উন্নত জায়গায় চাল পরীক্ষা করতে চাইছে দপ্তর। উদ্দেশ্য, রেশনের চালের পুষ্টিগুণের সঙ্গে কোনও আপস নয়। যে ল্যাবে নমুনা যাবে সেগুলি অবশ্যই হবে‌ ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ বা এনএবিএল-এর স্বীকৃতিপ্রাপ্ত। 
Advertisement
সাধারণ মানুষের পুষ্টির ঘাটতি দূর করতে কয়েকবছর ধরে রেশনে দেওয়া হয় বিশেষভাবে পুষ্টিসমৃদ্ধ চাল। কেন্দ্রের এই প্রকল্পটি এরাজ্যে যথেষ্ট দ্রুত রূপায়িত হয়েছে। খাদ্যদপ্তর সূত্রের খবর, পুষ্টিসমৃদ্ধ চাল সরবরাহের কাজ কোনও রাজ্য এত দ্রুত করতে পারেনি। 
কিন্তু কিছুদিন আগে খাদ্যদপ্তর এই বিষয়ে কিছু অভিযোগও পেয়েছে। তাই চাল পরীক্ষার জন্য উন্নত ব্যবস্থা চালু করতেই সক্রিয় হয় দপ্তর। উত্তরবঙ্গের একটি জেলায় ফর্টিফায়েড রাইস কারনেল (এফআরকে) উৎপাদনকারী একটি ইউনিটের উৎপাদনের গুণমান নিয়ে অভিযোগ আসে দপ্তরে। বিহার থেকে কম দামে নিম্নমানের এফআরকে এনে তা বেশি দামে বাংলায় সরবরাহ করা হচ্ছিল। খাদ্যদপ্তর সিদ্ধান্ত নিয়েছে, রেশনের চালের পাশাপাশি এফআরকে’র নমুনাও ল্যাবে যাবে। নমুনা পাওয়ার সাতদিনের মধ্যেই পরীক্ষার রিপোর্ট খাদ্যদপ্তরে পাঠাতে বলা হয়েছে। এই কাজের টেন্ডার প্রক্রিয়া আগামী মাসে।
সাধারণ চালের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে এফআরকে মিশিয়ে পুষ্টিসমৃদ্ধ চাল তৈরি করা হয়। প্রতি ১০০ কেজি চালে ১ কেজি করে এফআরকে মেশানোর  নিয়ম করেছে কেন্দ্র। এফআরকে মেশানোর কাজটি রাইস মিলেই হয়। তারপর ফর্টিফায়েড চাল যায় খাদ্যদপ্তরের গুদামে। 
এই প্রকল্পটি চালু হওয়ার সময় রাজ্যে কোনও এফআরকে উৎপাদন ইউনিট ছিল না। কিন্তু এখন রাজ্যে অনেকগুলি এফআরকে ইউনিট চালু হয়েছে। কিছু রাইস মিল মালিক এই ‌ইউনিট চালু করেছেন। এখানে চালের সঙ্গে আয়রন, ভিটামিনের মতো বিভিন্ন উপাদান মিশিয়ে পুষ্টিসমৃদ্ধ চাল উৎপাদনকারী এফআরকে তৈরি করা হয়। তারপর সেই এফআরকে বস্তায় ভরে সরবরাহ করা হয় রাইস মিলগুলিতে। এফআরকে-র দাম, পুষ্টির মাত্রা সবকিছুই ঠিক করে দিয়েছে কেন্দ্র।
Advertisement
সম্পর্কিত সংবাদ