Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রেশন তুলতে না পেরে বিপাকে পড়েছেন পঞ্চায়েতের বাসিন্দারা

রেশন তুলতে না পেরে বিপাকে পড়েছেন পঞ্চায়েতের বাসিন্দারা
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করিমপুর: ইন্টারনেটের সমস্যায় ভুগছেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হোগলবেড়িয়া ও মধুগাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার রেশন ডিলারদের একাংশ। অনলাইনে আঙুলের ছাপ না দিতে পারায় রেশনের মাল তুলতে পারছেন না এলাকার গ্রাহকরা। ইন্টারনেট সমস্যার কারণে এই এলাকার কয়েকটি গ্রামের হাজার পাঁচেক মানুষ রেশন তোলা থেকে বঞ্চিত হচ্ছেন।  রেশন  ডিলারদের অনেকে জানান, মধুগাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার চেচানিয়া, চামনা, কাছারিপাড়া, স্বরূপপাড়া, দেওয়ানপাড়া,  বাউশমারি, মধুগাড়ী এলাকায় প্রায় ৬ হাজার মানুষ বসবাস করেন। বেশ কয়েক বছর থেকে রেশন ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। এখন গ্রাহকদের রেশনের মাল চাল, গম বা আটা পেতে গেলে প্রতি পরিবারের একজন সদস্যের আঙুলের ছাপ দেওয়া বাধ্যতামূলক। কিন্তু এই সীমান্ত এলাকায় কিছু দিন থেকে ইন্টারনেটের সমস্যা থাকার কারণে গ্রাহকদের আঙুলের ছাপ দেওয়া কিংবা রেশন তোলা সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। রামনগরের ডিলার মৃণাল প্রামাণিক বলেন, এমনিতেই এই অনলাইন ব্যবস্থা চালু হওয়ার পর থেকে আমার এলাকার বিভিন্ন গ্রামের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রতি মাসে তাদের আঙুলের ছাপ নিতে হয়। সীমান্ত এলাকা হওয়ার কারণে বেশিরভাগ সময় সব জায়গায় ঠিকঠাক ইন্টারনেট নেটওয়ার্ক পাওয়া যায় না। ফলে প্রত্যেক উপভোক্তার কাছে ছাপ নিতে মাসের কুড়ি দিন কেটে যায়। কখনও কখনও বাড়িতেও ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না। তখন কারও বাড়ির ছাদে কিংবা বাইরে রাস্তায় এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। নেট কানেকশন পেলে সেদিন কাজ  হয় নাহলে আবার অন্য দিন যেতে হয়। তবুও এভাবেই মানুষকে পরিষেবা দিতে হয়। এখন আবার মাঝে মাঝেই ইন্টারনেট থাকছে না। ফলে ডিলার থেকে উপভোক্তা সকলেই সমস্যায় পড়েছেন। একই কথা জানান চামনা গ্রামের রেশন ডিলার অলোক সরকার। তিনি বলেন, সাধারণ মানুষকে রেশন বিলি করতে গিয়ে আমাদের  যেমন হয়রান হতে হচ্ছে তেমনি উপভোক্তারাও ঠিকঠাক রেশন পরিষেবা পাচ্ছেন না। গত এক মাসের বেশিরভাগ সময়ই ইন্টারনেট সংযোগ ঠিকঠাক কাজ করছে না। এখন এই সমস্যা কবে ঠিক হবে তা নিয়েও চরম দুশ্চিন্তাই আছি সকলে।  হোগলবেড়িয়ার কাছারিপাড়া গ্রামের সঞ্জিৎ মন্ডল বলেন, ইন্টারনেট সমস্যা থাকার কারণে অন্যান্য নানা সমস্যার পাশাপাশি আমাদের রেশন তুলতে চরম ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। রেশনে আঙুলের ছাপের নিয়ম চালু হওয়ার পর থেকে রেশন ডিলার কখনো গ্রামে গ্রামে আসেন আবার কখনো গ্রাহকদের রেশন দোকানে যেতে হয়। নেট পরিষেবা খারাপ থাকলে বহু বার ঘোরার পরে ছাপ দেওয়া সম্ভব হয় এবং রেশনের মাল তুলতে পারি। এলাকার বাসিন্দারা জানান, বর্তমানে পড়াশোনা, বিভিন্ন ক্ষেত্রে ফর্ম পূরণ কিংবা অফিসের কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন কাজে অনলাইন ব্যবস্থা অর্থাৎ ইন্টারনেট পরিষেবা প্রয়োজন। তাই শুধুমাত্র রেশন পরিষেবায় নয়, ইন্টারনেট সংযোগ খারাপ থাকার কারণে সকলের সমস্যা হচ্ছে। এব্যাপারে করিমপুর ১ বিডিও দেবদত্ত চক্রবর্তী জানান, সমস্যার বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ