Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রেশন কার্ডে মোবাইল ও আধার লিঙ্ক করাতে বিশেষ শিবির বসল পুরশুড়ায়

রেশন কার্ডে মোবাইল ও আধার লিঙ্ক করাতে বিশেষ শিবির বসল পুরশুড়ায়
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মোবাইল ও আধার নম্বরের সঙ্গে রেশন কার্ডের লিঙ্কে সমস্যা হওয়ায় বিপাকে পড়ছেন গ্রাহকদের একাংশ। পুরশুড়ায় জেলা প্রশাসনের পাড়া বৈঠকে সেই সমস্যার কথা উঠতেই শিবির করার সিদ্ধান্ত নিল খাদ্যদপ্তর। সোমবার পুরশুড়ার ভাঙামোড়া পঞ্চায়েতের সোয়ালুক চৌমাথায় ওই শিবির হবে।শিবিরটি চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ওই শিবিরে গ্রাহকদের রেশন ও আধার কার্ড নিয়ে আসতে হবে। তার সঙ্গে সক্রিয় মোবাইল নম্বরও জানাতে হবে। যেসব গ্রাহকের রেশন কার্ড সংক্রান্ত সমস্যা হয়েছে তাঁদের প্রত্যেককেই ওই শিবিরে আসতে হবে। ই-কেওয়াইসি করতে গ্রাহকদের আঙুলের ছাপ অথবা চোখের রেটিনা স্ক্যান করা হবে। 
Advertisement
হুগলির জেলাশাসক মুক্তা আর্য বলেন, আমরা বলেছি, ওই এলাকায় একটি শিবির করে দিতে। যদি আরও কেউ এই সমস্যায় পড়েন, তিনিও ওই শিবিরে গিয়ে তা করিয়ে নিতে পারবেন। খাদ্যদপ্তরের এক আধিকারিক বলেন, অনেকের আধার আপডেট নেই বলে এই সমস্যা হয়েছে। গ্রাহকদের রেশন সংক্রান্ত কোনও সমস্যা সেভাবে পাড়া বৈঠকে পাওয়া যায়নি। তবু আমরা বাসিন্দাদের কথা ভেবে একটি ক্যাম্প করব। তাতে ই-কেওয়াইসি করে দেওয়া হবে। আরামবাগের সাংসদ বলেন, রেশন কার্ডে গ্রাহকদের নাম লাল হয়ে যাচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন। প্রশাসন ক্যাম্প করে তার সমাধান করছে। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে হুগলি জেলা প্রশাসনের আধিকারিকরা পুরশুড়ার ভাঙামোড়া পঞ্চায়েতের বৈকুণ্ঠপুরে পাড়া বৈঠক করেন। তাতে জেলাশাসক সহ আরামবাগের সংসদ সদস্য ও অন্যান্য জন প্রতিনিধিরা ছিলেন। তার আগে জেলা প্রশাসন ডিহিবাতপুরের একটি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বৈঠক করে। সেখানেও পঞ্চায়েত স্তরের জন প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে দাবি দাওয়া জানান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেউ আলোর দাবি জানিয়েছেন। অনেকে রাস্তা, সেতুর দাবিতেও সরব হন। পুরশুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি অনীশরঞ্জন মাজি বলেন, অনেকে বার্ধক্য ভাতা চেয়েছেন। অধিকাংশ আবেদনকারীর নাম প্রস্তাবে পাঠানো হয়েছে। টাকা এলেই উপভোক্তারা পাবেন। বাকি দাবিগুলি প্রশাসন লিপিবদ্ধ করেছে। আশা করছি সময়মতো সেগুলিরও সমাধান হবে।
সম্পর্কিত সংবাদ