সংবাদদাতা, জঙ্গিপুর: রেশনে সঠিকভাবে ও নিয়ম মেনে দেওয়া হচ্ছে না সামগ্রী। রঘুনাথগঞ্জের মিঠিপুরে বীণাপানি সিংহ রায় নামে রেশন ডিলারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলছেন উপভোক্তারা। কখনও লিঙ্কের অজুহাতে, তো কখনও মাল না থাকায় উপভোক্তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, ওই রেশন ডিলার সরকারি নির্দেশ মেনে এলাকায় রেশন শিবিরও করছে না। রেশন দোকানে অভিজ্ঞ কর্মী না থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। ওই রেশন দোকানের মালিকের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন সহ ফুড কন্ট্রোলারকে মাস পিটিশন দেয় গ্রাহকরা। তবে গ্রাহকদের সমস্ত অভিযোগ সঠিক নয় বলে রেশন দোকান মালিকের দাবি। জঙ্গিপুর মহকুমার ফুড কন্ট্রোলার ফিরোজ আহমদ বলেন, শ্রমিকের বিষয়টি রেশন দোকানের মালিক ঠিক করবে। তবে রেশন সামগ্রী নিয়ে অভিযোগের তদন্ত হবে। শীঘ্রই রেশন দোকানে সরকারি আধিকারিক পাঠানো হবে।
Advertisement
জানা গিয়েছে, মিঠিপুরের বীণাপানি সিংহ রায় ও কৃষ্ণেন্দু সিংহ রায় নামে রেশন ডিলারের দোকানে নিয়মিত ও সঠিক সময়ে মাল দেওয়া হচ্ছে না। সার্ভার ডাউন ও লিঙ্ক হচ্ছে না, এই অজুহাতে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। সাত থেকে দশদিন অন্তর মাল দেওয়া হচ্ছে বলে গ্রাহকদের দাবি। এছাড়া এই রেশন দোকানের এক অভিজ্ঞ কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপর থেকেই গ্রাহকরা সঠিকভাবে মাল পাচ্ছে না বলে অভিযোগ। রেশন দোকানে অভিজ্ঞ কর্মী না থাকায় ঠিকমতো এলাকাবাসীদের কার্ড লিঙ্ক হচ্ছে না। ফলে হয়রানি হচ্ছে বলে দাবি গ্রাহকদের। উপভোক্তা নুরবানু বিবি ইব্রাহিম শেখ ও সেরাজুল শেখরা বলেন, সময় মতো মাল দেয় না। লিঙ্ক হতে অনেক সময় লাগছে। আগে এরকম হতো না। অভিজ্ঞ লোক না থাকায় সমস্যা হচ্ছে। রেশন দোকানের চয়নিকা সিংহরায় বলেন, এতদিন অন্য একজন কর্মী বিষয়টা দেখত। এখন সেটা আমরা নিজে দেখছি। শ্রমিকও নিয়োগ করেছি সামনের মাস থেকে। আর সমস্যা হবে না। অপর মালিক কাজল সিংহ রায় বলেন, রেশনটা ভাই দেখত। ভাইয়ের মৃত্যুর পর কর্মচারী দিয়ে কাজ চলছিল। বর্তমানে বউদি ও ভাইপো চালাচ্ছে, আমি তাদের সাহায্য করছি। দূরের গ্রামেও শিবিরে যেতে হয় ফলে সবাইকে সময় মতো মাল দেওয়া সম্ভব হয় না।



