Bartaman Logo
১০ জুন, ২০২৬

রেশন দোকানদারদের কমিশন বৃদ্ধির দাবি, উড়িয়ে দিল কেন্দ্র

রেশন দোকানদারদের কমিশন বৃদ্ধির দাবি, উড়িয়ে দিল কেন্দ্র
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেশন দোকানদারদের কমিশন বৃদ্ধি ইস্যুতে রাজ্যগুলির দাবি মানবে না বলেই জানিয়ে দিল মোদি সরকার। অথচ নরেন্দ্র মোদির ‘গরিব দরদি’ কর্মসূচি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় ৮০ কোটি নাগরিককে ফ্রি খাদ্যশস্য সরবরাহর কাজটি করেন রেশন দোকানদাররাই। তাই পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল, বারবার রেশন দোকানদারদের কমিশন বৃদ্ধির দাবি করেছে। তৃণমূল সাংসদ সৌগত রায় এ ব্যাপারে প্রধানমন্ত্রীকেও সম্প্রতি চিঠি লিখেছেন। রাজ্য সরকারও কেন্দ্রকে চিঠি দিয়েছে। 
Advertisement
কিন্তু মোদি সরকার সাফ জানিয়ে দিল, কেন্দ্র নতুন করে কোনও কমিশন বাড়াবে না। কেন্দ্রীয় খাদ্য ও গণবননণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশি গত ২০ ফেব্রুয়ারি সৌগতবাবুকে চিঠি দিয়ে জানিয়েছেন, টিপিডিএস (কন্ট্রোল) অর্ডার ২০১৫ অনুযায়ী রাজ্য কমিশন বাড়াতেই পারে। তাই রাজ্য চাইলে কমিশন বাড়াক। কেন্দ্র বাড়াবে না। গত ২০২২ সালের ১ এপ্রিল যা বাড়ানো হয়েছে, আপাতত সেটাই থাকছে। 
রেশন দোকানদাররা এখন প্রতি ১০০ কেজি খাদ্যশস্যে  ৯০ টাকা কমিশন পান। আগে যা ছিল ৭০ টাকা। অর্ধেক দেয় রাজ্য। অর্ধেক কেন্দ্র। গোটা দেশে ৫ লক্ষ ৩৭ হাজার ৮৬৮ রেশন দোকান। মূল্যবৃদ্ধির এই বাজারে এই সামান্য অর্থের কমিশনে রেশন দোকানদারদের সিংহভাগেরই চলে না। নীতি আয়োগ তার রিপোর্টে বলেছে, মাসে ১০ হাজার টাকা উপার্জন হয় দেশের মাত্র ১১.৭ শতাংশ রেশন দোকানদারের। 
এই ইস্যুতে কেন্দ্রকে চাপে ফেলছে ‘গুজরাত মডেল।’ বিজেপি শাসিত গুজরাতে রেশন দোকানদারদের মাসিক ন্যূনতম উপার্জন গ্যারান্টি ২০ হাজার টাকা। এ ব্যাপারে গুজরাত সরকার ২০২৩ সালের ২ নভেম্বর একটি নির্দেশিকাও জারি করে। গুজরাতের এই উদাহরণ অস্ত্র করে কমিশন বৃদ্ধির প্রশ্নে সরব হয়েছেন ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনে’র সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। 
তাঁর সওয়াল, নরেন্দ্র মোদি সবেতেই ‘গুজরাত মডেলে’র ধুয়ো ধরেন। তাহলে কেন গোটা দেশের রেশন ডিলারদের ন্যূনতম উপার্জন নিশ্চিত করবে না মোদি সরকার? তিনি বলেন, তৃণমূল আমাদের দাবির জন্য সরব হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। কিন্তু রাজ্য যদি কমিশন বাড়ায়, তাহলে কেন্দ্রকেও সম পরিমাণ সহায়তা করতে হবে। আর দাবি না মিটলে ১ এপ্রিল দিল্লিতে মোদি বিরোধী বিক্ষোভ কর্মসূচি এবং সংসদ  ঘেরাও অভিযান হবে বলেও জানিয়ে দেন তিনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ