নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্নপূর্ণা যোজনার উপভোক্তার ‘যোগ্যতা’ নিয়ে সন্দেহ হলে যে কোনো নাগরিক পোর্টালে অভিযোগ জানাতে পারবেন। আর সেই অভিযোগের যদি এতটুকু সারবত্তা থাকে, তাহলে বন্ধ হয়ে যাবে টাকা। বুধবার দ্ব্যর্থহীন ভাষায় একথা জানিয়ে দিল রাজ্য সরকার। এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ১ কোটি ৯ লক্ষ ৫৩ হাজার ৩৭৮ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে পাঠানোর কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেখানেই তিনি স্পষ্ট করে দিয়েছেন, কোনো ‘অযোগ্য’ উপভোক্তা সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। শুভেন্দু বলেন, ‘রাজ্যের টাকা কোনো ব্যক্তি বা দলের নয়। এটা সরকারের টাকা। ফলে তা উপযুক্ত মানুষ পাবেন, এটাই আমরা বিশ্বাস করি। ভারতীয় নন, বা যোগ্যতা নেই, এমন কেউ রাজ্যের প্রকল্পের টাকা পাবেন না।’ এসআইআর ট্রাইবুনালে যাঁদের আবেদনের এ পর্যন্ত নিষ্পত্তি হয়নি এবং যাঁরা সিএএ’র মাধ্যমে নাগরিকত্বের জন্য আরজি জানিয়েছেন, তাঁদের অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে বাধা নেই বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বাংলার বিজেপি সরকার ‘লোকধর্ম’ পালন করছে। তাই কেউ ভুলবশতও যদি প্রকল্পের সুবিধা পেয়ে যান, তা ‘শুধরে’ নেওয়া হবে। এই লক্ষ্যে একটি নির্দিষ্ট পোর্টাল রাজ্য চালু করবে বলে জানিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। বলেছেন, এই পোর্টালে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত বা পুর এলাকার ওয়ার্ডভিত্তিক উপভোক্তার নাম থাকবে। তাঁদের কাউকে অযোগ্য মনে হলে সাধারণ মানুষ ওই পোর্টালেই অভিযোগ জানাতে পারবেন। সেই আপত্তি যাচাই করে একমাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেই মহিলা আদৌ অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য কি না। ভুল না হলে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া স্বাভাবিক ছন্দেই চলতে থাকবে। কেন বছরভর এই যাচাই? উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রীই। বলেছেন, ‘লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে ২৭ লক্ষ এমন নাম পেয়েছিলাম, যাঁরা ভারতীয় নন এবং নাম পেয়েছি ১০ লক্ষ পুরুষেরও।’



